যুবদল নেতা হত্যা: শামীম ওসমানসহ ৫২ জনকে আসামি করে মামলা

যুবদল নেতা হত্যা: শামীম ওসমানসহ ৫২ জনকে আসামি করে মামলা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, আপডেট ০৮:০০

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশের গুলিতে ফতুল্লা থানা যুবদল নেতা শাওন হত্যার ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) শাওনের বড় ভাই মো. মিলন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় তৎকালীন জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেলকে প্রধান আসামি ও তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও মামলায় ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এর আগে ২০২২ সালের ১ সেপ্টেম্বর সকালে নারায়ণগঞ্জের ডিআইটি এলাকা থেকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি বের করে বিএনপি নেতাকর্মীরা। র‍্যালিটি শহরের দুই নম্বর খেয়াঘাট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের কাছাকাছি এলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এসময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন শাওন। পরবর্তীতে বিএনপি নেতারা তাকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা এ ঘটনায় আদালতে সেসময় মামলার আবেদন করলেও মামলাটি গ্রহণ করা হয়নি। আমরা ন্যায়বিচারের আশায় মামলাটি দায়ের করেছি। পুলিশের গুলিতে আমাদের শাওন হত্যার ঘটনায় সেসময় পুলিশের গুলি ছোড়ার ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading