চার বছর পর শুরু হচ্ছে ঢাকা ফোক ফেস্ট!

চার বছর পর শুরু হচ্ছে ঢাকা ফোক ফেস্ট!

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, আপডেট ০৮:৩০

উপমহাদেশের সবচেয়ে বড় লোকসংগীতের আসর ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। ২০১৯ সালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসেছিল এ উৎসবের পঞ্চম আসর। এরপর নানা কারণে আর বসেনি সুরের এই মিলন মেলা।

গুঞ্জন শোনা যাচ্ছে, দীর্ঘ চার বছর পর আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে লোক গানের এই উৎসব। আয়োজক সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্র এমন আভাস দিয়েছেন।

একটি সূত্র জানায়, এরই মধ্যে ফোক ফেস্ট নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে সান ফাউন্ডেশনের আলোচনা শুরু হয়েছে। শিল্পী বাছাই প্রক্রিয়াও চলছে। সাধারণত শীতকালেই বসে গানের উৎসব। সেই ভাবনা থেকে আসছে নভেম্বরের মাঝামাঝিতে শুরু হতে পারে ফোক ফেস্ট। আগের মতো এবারো আর্মি স্টেডিয়ামেই উৎসবটি অনুষ্ঠিত হবে। তবে এখনো কোনোকিছুই চূড়ান্ত হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক সান ফাউন্ডেশনের এক কর্মকর্তা বলেন, ‘স্পষ্ট করে দেয়ার মতো কোনো তথ্য এই মুহূর্তে নেই। তবে আলোচনা চলছে যেন আবারো লোক গানের উৎসবটি ফিরিয়ে আনা যায়। সারাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিল উৎসবটি। সবাই এটি উপভোগ করতে চান। সবকিছু অনুকূলে থাকলে আগের বছরগুলোর চেয়েও আরো জাঁকজমক করে এটি আয়োজনের চেষ্টা থাকবে। শিল্পী তালিকাতেও থাকবে চমক। বিশ্বের নানা দেশের শিল্পীরা অংশ নেবেন। চূড়ান্ত হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।’

২০১৫ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। এখন পর্যন্ত ১৭টি দেশের ৫০০ লোকসংগীত শিল্পী এতে অংশ নিয়েছেন। সর্বশেষ ২০১৯ সালের ১৪-১৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় এই উৎসব।

সর্বশেষ আসরে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের শাহ আলম সরকার, শফিকুল ইসলাম, মালেক কাওয়াল, ফকির শাহাবুদ্দিন, কাজল দেওয়ান, চন্দনা মজুমদার, কামরুজ্জামান রাব্বিসহ অনেকে।

বিদেশি শিল্পীদের মধ্যে ছিলেন— শেভেনেবুরেবি (জর্জিয়া), হিনা নাসরুল্লাহ (পাকিস্তান), হাবিব কইটে অ্যান্ড বামাদা (মালি), সাত্তুমা (রাশিয়া), জুনুন (পাকিস্তান)।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading