দেশের স্বার্থে সবাইকে বিভেদ ভুলে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার
রিন্টু হাসান। সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, আপডেট ১৫:১৫
জাতি গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই সুযোগ নষ্ট হলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। রবিবার (২৭ অক্টোবর) ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ গঠন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি দেশের স্বার্থে সবাইকে বিভেদ ভুলে কাজ করার আহ্বানও জানান। এই অনুষ্ঠানের মাধ্যমে দুই বাহিনীর পর্ষদ গঠিত হয়। জাতির এই অগ্রযাত্রায় নৌবাহিনী ও বিমান বাহিনী বরাবরের মতো দক্ষতার সঙ্গে জনগণের পাশে থাকবে বলে আশা করেন প্রধান উপদেষ্টা। বিগত দিনে যেমন সহযোগিতা পেয়েছে আগামীতেও যেন জনগণ তা পায় এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তাই দক্ষ নেতৃত্ব দিতে এবারের পরিচালনা পর্ষদকে তা সঠিকভাবে পালনের আহ্বান জানান তিনি।
নৌ ও বিমান বাহিনী মানুষের আস্থার প্রতীক: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ফলে নৌবাহিনী ও বিমান বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার বিপ্লবে সৃষ্ট বাংলাদেশে সকলকে স্বাগত জানান। এসময় তিনি জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি আরও স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর শহিদসহ সকল বীর সেনানীদের যাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। এছাড়া সৎ, নীতিবান এবং নেতৃত্বের অনন্য গুণাবলি সম্পন্ন অফিসারগণই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে তিনি মন্তব্য করেন। তাছাড়া যে সমস্ত অফিসার সামরিক জীবনের বিভিন্ন কর্মকা-ে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন সেই সকল অফিসারদেরকে পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা প্রদান করেন।
নানা প্রতিক‚লতা সত্তেও সশস্ত্র বাহিনীর ভ‚মিকা প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতে এ ধারা বজায় রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনীকে উদ্দেশ করে তিনি বলেন, সম্প্রতি নানা প্রতিক‚লতা মধ্যেও আপনারা যেভাবে অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন, তা প্রকৃতপক্ষে পেশাদারিত্ব বহন করে। ভবিষ্যতেও সেটা বজায় থাকবে বলে দৃঢ় বিশ্বাস রাখি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার ওপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন।
‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা নৌবাহিনী ও বিমান বাহিনীর উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোকচিত্রে অংশগ্রহণ করেন এবং পরিদর্শন বইয়ে তার মূল্যবান মন্তব্য লিপিবদ্ধ করেন। পরবর্তীতে তিনি বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি ফলজ বৃক্ষের চারা রোপণ করেন।
ইউডি/এজেএস

