গাজীপুরে কারখানার দেয়াল ধসে নিখোঁজ তিন শ্রমিক
উত্তরদক্ষিণ। সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, আপডেট ১৬:৫০
সোমবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার মেম্বার বাড়ি এলাকায় গ্যাসের পাইপলাইনের কাজ করার সময় এ ঘটনা ঘটে।
গাজীপুর সদর উপজেলায় একটি কারখানার দেয়াল ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর তিনজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। এ ছাড়াও চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
জানা যায়, গ্যাসের পাইপলাইন নেওয়া রিফাত এ্যালুমোনিয়াম কারখানার শ্রমিকরা পাইপলাইন বসাতে কাজ শুরু করেন। এ সময় সড়কের পাশে থাকা প্যারাগন পোল্ট্রি কারখানার দেয়াল ফেটে যায়। এ ঘটনায় নিরাপত্তার জন্য স্থানীয় বাসিন্দারা কাজ বন্ধ রাখার অনুরোধ করলেও রিফাত এ্যালুমোনিয়াম কারখানা কর্তৃপক্ষ কাজ চালিয়ে যান। এর কিছুক্ষণ পরেই প্যারাগন পোল্ট্রি কারখানার দেয়াল নির্মাণ শ্রমিকের ওপরে ধসে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, তাৎক্ষণিক চারজনকে উদ্ধার করতে পারলেও আটকা পড়ে যান আরও তিনজন।
ফায়ার সার্ভিস বলছে, একজনকে শনাক্ত করে উদ্ধার অভিযান চলছে। পুরো দেয়াল সরানোর পরে জানা যাবে নিখোঁজের প্রকৃত সংখ্যা।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
ইউডি/এআর

