সাতক্ষীরায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ, জরিমানা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, আপডেট ১৮:৪০
সাতক্ষীরার দেবহাটায় রফতানিযোগ্য চিংড়িতে বিষাক্ত অপদ্রব্য মেশানোর অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ জেলি পুশ করা চিংড়ি জব্দ করে প্রশাসন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার বিভিন্ন মৎস্য আড়ত ও ডিপোতে এ ঝটিকা অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফার আশায় সিরিঞ্জের মাধ্যমে চিংড়ির ভেতরে জেলি ও সাগু মিশ্রিত তরল ঢুকিয়ে ওজন বাড়াচ্ছিলেন। এ খবরের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৬০ কেজি অপদ্রব্য পুশ করা বাগদা চিংড়ি জব্দ করা হয়। এ সময় চিংড়িতে অপদ্রব্য মেশানোর অপরাধে খেজুবাড়িয়া গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জব্দ করা ক্ষতিকর চিংড়িগুলো জনসম্মুখে ডিজেল দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত অন্য ব্যবসায়ীদের সতর্ক করে প্রশাসন জানায়, ‘সাদা সোনা’ খ্যাত চিংড়ি শিল্পের সুনাম নষ্ট করলে ভবিষ্যতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।
ইউডি/রেজা

