ইরানের হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার আছে: রাশিয়ার রাষ্ট্রদূত

ইরানের হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার আছে: রাশিয়ার রাষ্ট্রদূত

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, আপডেট ১৯:১৪

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। সেই সঙ্গে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ‘ভণ্ডামি’ ও ‘জলদস্যুতার’ অভিযোগ তুলেছেন তিনি।

জাতিসংঘে দেয়া বক্তব্যে নেবেনজিয়া বলেন, ‘ইরানের ওপর পুরো দায় চাপিয়ে দেয়ার একটি চেষ্টা চলছে, যেন ইরানই তার প্রতিবেশীদের ওপর হামলা করেছে। কিন্তু যুদ্ধের সময় একটি উপকূলীয় দেশ আক্রান্ত হলে নিরাপত্তার স্বার্থে তারা নিজ জলসীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করতে পারে।’

এরপর রুশ রাষ্ট্রদূত পশ্চিমা দেশগুলোকে জলদস্যুদের সঙ্গে তুলনা করে বলেন, কৃষ্ণসাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলায় সমর্থন দিয়ে ইউরোপীয় দেশগুলো আইন লঙ্ঘন করছে।

বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হচ্ছে হরমুজ প্রণালি। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হলে প্রণালিটি কার্যত বন্ধ করে দেয় তেহরান। এরপর গত ১৩ এপ্রিল থেকে এখানে নৌ অবরোধ আরোপ করে আমেরিকাও।

উভয় পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়েছিল, যা পরবর্তীতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি করেন।

সংঘাত যুদ্ধবিরতির পরপরই পাকিস্তানের ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও কোন সমঝোতা ছাড়াই তা শেষ হয়। বর্তমানে সংকট সমাধানে দ্বিতীয় দফার আলোচনার চেষ্টা চলছে। তবে রণকৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading