শেয়ারবাজারে একগুচ্ছ নীতি সহায়তার উদ্যোগ বিএসইসির

শেয়ারবাজারে একগুচ্ছ নীতি সহায়তার উদ্যোগ বিএসইসির

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৯ অক্টোবর), ২০২৪, আপডেট ২৩:০০

শেয়ারবাজারের উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি নীতি সহায়তা দিতে সরকারের সঙ্গে আলোচনা করে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হবে। এসব সহায়তার আওতাভুক্ত হবেন ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, উচ্চ সম্পদশালী বিনিয়োগকারী ও বিদেশি বিনিয়োগকারীরা।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ মঙ্গলবার (২৯ অক্টোবর)সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান। রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে দুপুরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ, নির্বাহী পরিচালক মো, মাহবুবুল আলম ও মোহাম্মদ রেজাউল করিম।

বিএসইসির চেয়ারম্যান বলেন, অর্থ উপদেষ্টা দেশে ফিরেছেন। চলতি সপ্তাহের মধ্যেই উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সমন্বিতভাবে শেয়ারবাজারের উন্নয়নে নীতি সহায়তার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যার মধ্যে কিছু থাকবে স্বল্প মেয়াদে বাস্তবায়নযোগ্য, আর কিছু বিষয় মধ্য ও দীর্ঘ মেয়াদে বাস্তবায়ন করা হবে।

যেসব নীতি পদক্ষেপের উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে, বাজারে তারল্য সরবরাহ বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধির জন্য তহবিল জোগানে সহায়তা, জরিমানার মাধ্যমে বিএসইসির আদায় করা অর্থ বিনিয়োগকারীদের সুরক্ষায় কাজে লাগাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সরকারি-বেসরকারি ভালো ও লাভজনক কোম্পানিগুলোকে দ্রুত বাজারে আনতে আইপিও আইন সংস্কার ও কর প্রণোদনার ব্যবস্থা করা, শেয়ারবাজারে লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে এক দিনে নামিয়ে আনা, ঋণদাতা প্রতিষ্ঠানগুলোতে যে পরিমাণ অনাদায়ি পুঞ্জীভূত ঋণাত্মক ঋণ (নেগেটিভ ইক্যুইটি) রয়েছে চূড়ান্তভাবে সেগুলোর নিষ্পত্তি করা, উচ্চ সম্পদশালী ব্যক্তিদের বিনিয়োগে উৎসাহিত করতে মূলধনি মুনাফার করহার কমানো, শেয়ার পুনঃক্রয়ব্যবস্থা চালুর বিষয়ে করণীয় নির্ধারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে ভবিষ্যতে আর কখনো ফ্লোর প্রাইস আরোপ না করা, সুশাসন ও আইনের যথাযথ পরিপালন নিশ্চিত করা।

যেসব বিষয় বিএসইসির বিবেচনায়-

  • বাজারে তারল্য বাড়াতে আইসিবিসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সহায়তা।
  • সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রণোদনা-সুবিধা।
  • বিনিয়োগ বাড়াতে কর-সুবিধা প্রদান ও মূলধনি মুনাফায় কর যৌক্তিকীকরণ।
  • ভালো কোম্পানি তালিকাভুক্তিতে কর প্রণোদনা বাড়ানো।
  • আর্থিক জরিমানার অর্থ বিনিয়োগকারীর সুরক্ষায় ব্যবহার।
  • শেয়ার পুনঃক্রয়ের ক্ষেত্রে আইনি বিধান।
  • লেনদেন নিষ্পত্তির সময় কমানো।
  • ঋণাত্মক ঋণ হিসাব বা নেগেটিভ ইক্যুইটি সমস্যার চূড়ান্ত সমাধান।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading