হাবের প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত আপিল বিভাগে বহাল

হাবের প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত আপিল বিভাগে বহাল

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, আপডেট ১২:২৫

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এর আগে কার্যনির্বাহী কমিটির আবেদনে প্রশাসক নিয়োগে ‘স্ট্যাটাসকো’র আদেশটি বৃহস্পতিবার ৩১ (অক্টোবর) স্থগিত করে রুল নিষ্পত্তির আদেশ দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ।

আদালতে বৈষম্যবিরোধী হজ এজেন্সির পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মো. রূহুল কুদ্দুস কাজল, ড. শাহদীন মালিক, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

অন্যদিকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) -এর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে গত ১৫ অক্টোবর ‘বৈষম্যবিরোধী হজ এজেন্সি’র মালিক ও কয়েকটি এজেন্সির মালিকের আবেদনের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এক অফিস আদেশে হাব -এ প্রশাসক নিয়োগ করে বাণিজ্য মন্ত্রণালয়।

এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে হাবের প্রশাসক নিয়োগ করা হলো। তাকে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়।

তবে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রশাসক নিয়োগের প্রতিবাদে হাইকোর্টে রিট করে হাব। সে রিটের শুনানি নিয়ে প্রশাসক নিয়োগের আদেশে স্ট্যাটাসকো দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিক আক্তার উজ্জামান আবেদন করেন।

এরই মধ্যে গত মঙ্গলবার (২৮ অক্টোবর) হাবের সাধারণ সভার তারিখ ঘোষণা করে হাব। এই সিদ্ধান্তের বিরুদ্ধে চেম্বার জজ কোর্টে সম্পূরক আবেদন করে বৈষম্যবিরোধী হজ এজেন্সি। এই আবেদনের শুনানি নিয়ে হাবের মঙ্গলবারের সাধারণ সভা স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। সেই সাথে বিষয়টি আপিল বিভাগের পূর্নাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। তারই ধারাবাহিকতায় আজ সেটি শুনানি হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading