রাজবাড়ীতে রেলপথ আটকে ছাত্রদলের বিক্ষোভ

রাজবাড়ীতে রেলপথ আটকে ছাত্রদলের বিক্ষোভ

উত্তরদক্ষিণ। রবিবার, ০৩ নভেম্বর , ২০২৪, আপডেট ১৬:০০

‘সুন্দরবন এক্সপ্রেস’ ও ‘বেনাপোল এক্সপ্রেস’ দুটি ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজবাড়ীতে রেলপথ আটকে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (০৩ নভেম্বর) বেলা ১১টার রাজবাড়ী রেলস্টেশন এলাকায় অবস্থান নেয় ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী। এরপর রাজশাহী থেকে ছেড়ে আসা ‘মধুমতি এক্সপ্রেস’ ও ঢাকা থেকে ছেড়ে আসা ‘সুন্দরবন এক্সপ্রেস’ রাজবাড়ী রেলস্টেশন এলাকায় পৌঁছালে তাদের অবরোধের কবলে পড়ে ট্রেনগুলো।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা জানান, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা ‘মধুমতি এক্সপ্রেস’ বেলা ১১টা ১০ মিনিটে এবং ‘সুন্দরবন এক্সপ্রেস’ সাড়ে ১১ টায় আমাদের স্টেশনে পৌঁছায়। অবরোধের কারণে ‘মধুমতি এক্সপ্রেস’ ৩৫ মিনিট এবং ‘সুন্দরবন এক্সপ্রেস’ ২০ মিনিট আটকে থাকে। রাজবাড়ী ছাত্রদলের নেতাকর্মীরা এসে ট্রেন অবরোধ করেন। ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও ‘বেনাপোল এক্সপ্রেস’ নামে দুই ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবি ছিল তাদের।

অবরোধের নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। তিনি বলেন, ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন দুইটি এই রুটের লাভজনক ট্রেন। হাজার হাজার মানুষ এই ট্রেনে করে স্বল্প খরচে যাতায়াত করেন। হঠাৎ শোনা যাচ্ছে এই রুট থেকে দুইটি ট্রেন তুলে নেওয়ার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা বাতিলের দাবিতে আমরা ট্রেন অবরোধ করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে এই শর্তে আমরা অবরোধ তুলে নিয়েছি।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান চৌধুরী বলেন, সকালে কয়েকশ মানুষ রেলওয়ে স্টেশনে এসে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও ‘মধুমতি এক্সপ্রেস’ অবরোধ করেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তবে রুট পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে আমরা কোনো চিঠি পাইনি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading