সালাউদ্দিন হলেন বাংলাদেশের সহকারী কোচ

সালাউদ্দিন হলেন বাংলাদেশের সহকারী কোচ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৫ নভেম্বর , ২০২৪, আপডেট ২১:২০

বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল মোহাম্মদ সালাউদ্দিনের। অবশেষে তাকে সিনিয়র সহকারী কোচ পদে নিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে বিসিবি আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।

দেশের ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় এই কোচ আগেও জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। এবার নতুন করে তাকে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত। এর আগে তিনি বাংলাদেশের সহকারী কোচ ছিলেন ২০০৬-১০ সাল পর্যন্ত।

এ ছাড়া বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবে ২০১০-১১ সালে কাজ করেছেন সালাউদ্দিন। পরবর্তীতে তিনি ২০১৪ সালে বিশ্বকাপ ক্রিকেট লিগ–৪ এর জন্য সিঙ্গাপুরের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান। সালাউদ্দিন অস্ট্রেলিয়ায় এসিসি ক্রিকেটের লেভেল-৩ কোচিংয়ের–ও স্বীকৃতি পেয়েছেন। এমনকি দেশের সেরা স্থানীয় কোচদের মধ্যেও তিনি অন্যতম। জিতেছেন বিপিএল ও ঢাকা প্রিমিয়ার ডিভিশনের শিরোপা।

এর আগে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর থেকেই সালাউদ্দিনের জাতীয় দলে কাজ করা নিয়ে জোর গুঞ্জন উঠেছিল। পরে অবশ্য প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন ফিল সিমন্স। পরে জানা যায়, জাতীয় দলের সহকারী কোচ হতে সালাউদ্দিনকে প্রস্তাব দেয় বিসিবি। গেল বুধবার বিসিবির বোর্ড মিটিংয়ে অন্যান্য বিষয়ের সঙ্গে আলোচনা হয়েছে কোচ সালাউদ্দিনের জাতীয় দলে কাজ করা নিয়েও।

এর আগে বিসিবির একজন পরিচালক নিশ্চিত করেছিলেন, সালাউদ্দিনের সহকারী কোচ হওয়ার বিষয়টি। সেই সময় তিনি জানান, আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ থেকেই তাকে পেতে আশাবাদী বিসিবি। যে কারণে ইতোমধ্যে ভিসার আবেদনও করেছেন সালাউদ্দিন। সবকিছু ঠিক থাকলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই দলের দায়িত্বে দেখা যাবে তাকে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading