সাদপন্থিদের সংবাদ সম্মেলন আজ

সাদপন্থিদের সংবাদ সম্মেলন আজ

আশিকুর রহমান। বুধবার, ০৬ নভেম্বর , ২০২৪, আপডেট ১৫:৪৬

তাবলিগ, কওমি মাদ্রাসা ও দ্বীন রক্ষার্থে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত দেশের শীর্ষ আলেম-ওলামার মহাসম্মেলনকে ‘রাজনৈতিক শোডাউন’ বলে মনে করেন তাবলিগের সাদপন্থি অনুসারীরা। এই সমাবেশ নিয়ে আজ বুধবার (০৬ নভেম্বর) সংবাদ সম্মেলন করবেন তারা। এদিন সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন সাদপন্থি আলেমরা। হক্কানী উলামা মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক মুফতি শফিউল্লাহ শাফী মাক্কী ও সাধারণ সাথীদের পক্ষে তৌহিদুল হক সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এদিকে মঙ্গলবার অনুষ্ঠিত সমাবেশ নিয়ে বাংলাদেশে মাওলানা সাদের অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মুহাম্মাদ আবু সায়েম বলেন, আমরা মূল ধারার মেহনত করি। আমরা কাউকে হুমকি দিতে চাই না।

গণমাধ্যমে আবু সায়েম দাবি করেন, এটা নিছক একটি রাজনৈতিক শো-ডাউন। সামনের নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে এবং মাদ্রাসার ছাত্রদের জড়ো করে তারা সরকারকে চাপে ফেলতে চাচ্ছে। তিনি আরও বলেন, রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাচ্ছে। তাবলিগের এই মোবারক মেহনতের সঙ্গে এই ছাত্ররা এখনও সম্পৃক্ত নয়। এই রাজনৈতিক নেতাকর্মীরাও নয়। যারা তাবলিগে সময় লাগান, চিল্লা দেন তাদের উপস্থিতি নেই। অথচ মাদ্রাসাগুলো থেকে ছোট ছোট শিশু ছাত্রদেরও নিয়ে আসা হয়েছে। গত সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টার দফতরে অনুষ্ঠিত বৈঠকে শেষে তাবলিগের মাওলানা সাদ কান্ধলভির অনুসারী মাওলানা মুয়াজ বিন নূর বলেন, আমরা টানা সাত বছর তাবলিগের মাঠসহ বিভিন্ন বিষয় নিয়ে বঞ্চিত হচ্ছি। যারা আমাদের এতদিন বাধা দিয়ে আসছেন তাদের (মাওলানা মোহাম্মদ যোবায়ের অনুসারী দল) মন্ত্রণালয় থেকে দাওয়াত দেওয়া হলেও তারা আসেনি। তারা বাংলাদেশে এই বৈষম্য সৃষ্টি করে রেখেছে। এই না আসার মধ্যে দিয়ে তারা সরকারকে অবজ্ঞা করেছে। তারা বুঝাতে চেয়েছে তারা যা ইচ্ছা তাই করবে।

কাকরাইল মারকাজের ইমাম সাদপন্থি মুহাম্মাদ আযীমুদ্দীন গণমাধ্যমকে বলেন, সম্মানিত উলামায়ে কেরামের কোনো বক্তব্যে আমরা সামান্যতমও বিচলিত নই। তারা এর আগেও এমন বক্তব্য দিয়েছিলেন। কিন্তু আল্লাহ আপন মেহেরবাণীতে হকের উপর থাকার কারণে বাংলাদেশে আমাদেরকে টিকিয়ে রেখেছেন। সাদপন্থি এই মুফতি বলেন, আগামীতেও আল্লাহ আমাদেরকে টিকিয়ে রাখবেন- এই বিশ্বাস নিয়ে আমরা আমাদের দাওয়াতের ময়দানে অবিচল থাকব। কারো কোন বক্তব্যের আমরা পরোয়া করি না, প্রতিবাদও করব না।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading