পোস্টার ছেঁড়ার জন্য মব তৈরি করতে পারেন না: ছাত্রদল সেক্রেটারি

পোস্টার ছেঁড়ার জন্য মব তৈরি করতে পারেন না: ছাত্রদল সেক্রেটারি

উত্তরদক্ষিণ। শুক্রবার (৮ নভেম্বর), ২০২৪, আপডেট ২১:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার ছিঁড়ে অশ্রদ্ধা প্রদর্শন সমীচীন কাজ নয় বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, ছাত্রদলের সঙ্গে আপনার মতবিরোধ থাকতে পারে, পোস্টারিংয়ের ধরন নিয়ে সমালোচনা থাকতে পারে। এটি একটি গণতান্ত্রিক সমাজে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কিন্তু বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ৭ নভেম্বরের পোস্টার ছিঁড়ে অশ্রদ্ধা প্রদর্শন সমীচীন কাজ নয়। পোস্টার ছেড়ার জন্য আপনি মব তৈরি করতে পারেন না। ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে মব উসকে দিতে পারেন না। এভাবে পেশীশক্তি প্রদর্শন করে একটি পক্ষকে কোণঠাসা করা অগণতান্ত্রিক আচরণ, যা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থি। এর ফলে জুলাই-আগস্টে গণতন্ত্রকামী সব শিক্ষার্থীর মধ্যে যে অভূতপূর্ব জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, তাতে ফাটল ধরবে। আমাদেরকে সজাগ থাকতে হবে, যাতে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে পরাজিত অপশক্তি কোনও সুবিধা হাসিল করতে না পারে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের অংশীদার সব ছাত্রসংগঠনকে জাতীয় ঐক্য ধরে রাখার জন্য গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যেতে হবে। পরমতসহিষ্ণুতা গণতন্ত্র চর্চার প্রাথমিক শর্ত। আমরা সবাইকে সহনশীলতা বজায় রাখার অনুরোধ করছি।

তিনি আরও বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দিন। বাকশালী ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণের দিন ৭ নভেম্বর। ৭ নভেম্বরের চেতনা শুধু বিএনপি বা ছাত্রদলের নয়, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী, আধিপত্যবাদবিরোধী প্রতিটি নাগরিকের জন্য এদিন একটি ঐতিহাসিক বিপ্লবের মুহূর্ত।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading