সেপ্টেম্বরে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি তিন বছরের সর্বনিম্ন

সেপ্টেম্বরে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি তিন বছরের সর্বনিম্ন

উত্তরদক্ষিণ। শুক্রবার (৮ নভেম্বর), ২০২৪, আপডেট ২৩:০০

রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যবসায় পরিবেশে অনিশ্চয়তা আর ব্যাংক ঋণে উচ্চ সুদহারের প্রভাবে সেপ্টেম্বর মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, অর্থবছরের তৃতীয় মাসে বেসরকারি ঋণ খাতে বিতরণের পরিমাণ আগের বছর একই সময়ের তুলনায় ৯ দশমিক ২০ শতাংশ বেড়েছে।

সবশেষ ২০২১ সালের সেপ্টেম্বরে এ খাতে এর চেয়ে কম, ৮ দশমিক ৭৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। এরপর আর কখনো তা ৯ দশমিক ২০ শতাংশের নিচে নামেনি। গত অগাস্টে প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৮৬ শতাংশ।

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির এ হার মূল্যস্ফীতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতিতে ঠিক করা লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি। চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে এই লক্ষ্যমাত্রা ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৮০ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। সেই হিসেবে সেপ্টেম্বরের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়ে খুব বেশি বাড়েনি।

কিন্তু যে মূল্যস্ফীতি মোকাবিলার জন্য কেন্দ্রীয় ব্যাংক সুদ হার বাড়িয়ে বেসরকারি ঋণে লাগাম দিয়েছে, সেই মূল্যস্ফীতি অক্টোবরে ফের দুই অংকের ঘরে পৌঁছেছে।

অর্থনীতিতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাওয়ার মানে হল, ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগ কমে যাবে। সেই সঙ্গে কমবে নতুন শিল্প স্থাপন বা শিল্প সম্প্রসারণের গতি। অবধারিতভাবে তার প্রভাব পড়বে কর্মসংস্থানে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading