বিদ্যুৎ সরবরাহ আরও কমাল আদানি পাওয়ার
উত্তরদক্ষিণ। শুক্রবার (৮ নভেম্বর), ২০২৪, আপডেট ২৩:৩০
বাংলাদেশের কাছ থেকে ৮৫ কোটি ডলারের বকেয়া আদায়ে বিদ্যুৎ সরবরাহ আরো কমিয়েছে ইন্ডিয়ার বেসরকারি বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ার।
বৃহস্পতিবারের পর থেকে তারা বাংলাদেশে ৫২০ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে বলে পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিবি) ডেটা ও বিপিডিবির কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে।
ইন্ডিয়ার ঝাড়খণ্ডের গড্ডায় ১৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছিল আদানি পাওয়ার। গত অগাস্টের শুরুতেও তারা ১৪০০-১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ দিয়েছে।
আওয়ামী লীগ সরকার পতনের পর বকেয়ার অর্থ উদ্ধারে গত ৩১ অক্টোবর একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয় তারা। ফলে নভেম্বরে তারা ৭০০ থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল বাংলাদেশে। কিন্তু বৃহস্পতিবারের পর থেকে তা আরও কমাল আদানি গ্রুপের ওই বিদ্যুৎ কোম্পানি।
অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান রয়টার্সকে বলেন, আমরা পর্যায়ক্রমে সেই বকেয়া পরিশোধ করছি। সেইসঙ্গে কেউ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে তার বিকল্প ব্যবস্থাও নেব। কোনো বিদ্যুৎ সরবরাহকারীকে আমাদের জিম্মি করতে দেব না।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিপিডিবির কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ বকেয়া পরিশোধের গতি বাড়ালেও এবং গত ৭ নভেম্বরের মধ্যে অর্থ পরিশোধের একটি সময়সীমা আদানি প্রত্যাহার করলেও বিদ্যুৎ সরবরাহ কমানো অব্যাহত রয়েছে।
আদানি পাওয়ার ২৫ বছর মেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) বিদ্যুৎ দিচ্ছে। প্রতি ইউনিট বিদ্যুতের জন্য বাংলাদেশের কাছ থেকে প্রায় ১২ টাকা করে নেয়। এই দর ভারতের অন্যান্য বেসরকারি উৎপাদকের দরের তুলনায় ২৭ শতাংশ বেশি এবং ইন্ডিয়ান রাষ্ট্রীয় মালিকানাধীন কেন্দ্রগুলোর তুলনায় ৬৩ শতাংশ বেশি।
ইউডি/এবি

