আওয়ামী লীগের জনসমক্ষে আসার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগের জনসমক্ষে আসার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ

উত্তরদক্ষিণ। রবিবার (৯ নভেম্বর), ২০২৪, আপডেট ২২:০০

আওয়ামী লীগ নাৎসি বাহিনীর চেয়েও নৃশংস, মন্তব্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের জনসমক্ষে আসার অধিকার নেই।

শহীদ নূর হোসেন দিবসে রবিবার (৯ নভেম্বর) দুপুরে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকের সামনের সড়কে গণজমায়েত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে আওয়ামী লীগকে নিয়ে এ কথা বলেন হাসনাত আবদুল্লাহ। দিবসটি উপলক্ষে আজ দুপুরে নূর হোসেন চত্বরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ। তবে শেষ পর্যন্ত সেখানে দলটির নেতা–কর্মীদের তেমন সমাবেশ দেখা যায়নি। অল্প কয়েকজন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গেলে মারধরের শিকার হয়েছেন।

আওয়ামী লীগকে প্রতিহতের ডাক দিয়ে করা ওই গণজমায়েতে হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ ফিরবে বিচারের জন্য, ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য। তাদের রাজনীতি করার অধিকার নেই।

বিকেল সোয়া চারটা পর্যন্ত ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ওই গণজমায়েত চলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছাড়াও জুলাই–আগস্ট আন্দোলনে আহত ব্যক্তি, নিহত ব্যক্তিদের স্বজন ও ছাত্রনেতারা সেখানে বক্তব্য দেন।

আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করবে, তাদেরও প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। এ সময় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের উদ্দেশে তিনি বলেন, যারা জুলুম করেছে, তাদের প্রতি কোনো উদারতা নয়। জালেমদের উদারতা দেখিয়ে জেনেভায় গিয়ে লাঞ্ছিত হয়েছেন। দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

বিএনপিসহ বিভিন্ন দল অন্তর্বর্তী সরকারের প্রতি জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবি জানিয়ে আসছে। এ প্রসঙ্গে কারও নাম উল্লেখ না করে হাসনাত আবদুল্লাহ বলেন, কেবল একটা ভোটের জন্য এত শহীদ রক্ত দেননি। গণ–অভ্যুত্থানে অংশ নিয়েছেন রাষ্ট্র সংস্কারের জন্য। দ্রুত নির্বাচন দেওয়ার কথা কিছু রাজনৈতিক দল বলছে। আগে সংস্কার করতে হবে। নির্বাচন সংস্কারেরই একটা অংশ।

দেশের নির্বাচনব্যবস্থা, বিচারব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্কারের পরই নির্বাচন দেওয়ার কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বর্তমানে মামলা নিয়ে ব্যবসা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ছাত্রদের সঙ্গে প্রতারণা করলে তারা আবার দাঁড়িয়ে যাবেন। ফ্যাসিবাদের প্রশ্নে আমাদের অবস্থান থাকবে অনড়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading