শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, নারীসহ কারাগারে ৩

শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, নারীসহ কারাগারে ৩

উত্তরদক্ষিণ। রবিবার, ১৭ নভেম্বর , ২০২৪, আপডেট ১৪:৩০

নোয়াখালীর চাটখিল উপজেলায় শিশু মাহমুদ হাসানকে (৩) অপহরণ ও দুই লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় নারীসহ তিন অপহরণকারীকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সকালে নোয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে শিশু মাহমুদ হাসানকে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকা থেকে উদ্ধার করে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত ১৩ নভেম্বর চাটখিলের খিলপাড়া থেকে শিশুটিকে অপহরণ করা হয়।

কারাগারে প্রেরণকৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার কাঁঠালতলী গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রোমন (২৫), একই গ্রামের আবদুল মন্নানের মেয়ে সোনিয়া আক্তার (১৯) ও চাঁদপুর জেলার কচুয়া থানার তেতৈয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. শাহরিয়া হাসান (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, অপহরণকারী সোনিয়া আক্তার বর্তমানে চাটখিলের খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামে ও শাহরিয়া সিরাজদিখানের ইছাপুর গ্রামে বসবাস করেন। তাদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত আলামতসহ মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

অপহৃত শিশু মাহমুদ হাসানের মা মুন্নি আক্তার (২৫) ঢাকা পোস্টকে বলেন, গত ১৩ তারিখ থেকে ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না। পরে মোবাইল ফোন করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আমাদের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ বিষয়ে শনিবার চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর পুলিশ অভিযান চালিয়ে আমার ছেলেকে উদ্ধার করে। আমি অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করেছি। সেই মামলায় তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। এতে ভুক্তভোগী শিশুকে অক্ষত উদ্ধার ও জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের অপহরণ মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। শিশুকে তার পরিবারের কাছে দেওয়া হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading