জামায়াত ‘কখনও ইন্ডিয়াবিরোধী ছিল না’: শফিকুর রহমান
উত্তরদক্ষিণ। শুক্রবার (২২ নভেম্বর), ২০২৪, আপডেট ২৩:০০
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ইন্ডিয়াবিরোধী ছিল না’ বলে মন্তব্য করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’।
তিনি বলেছেন, জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।
কারও সঙ্গে বৈরিতা না করে সবার সঙ্গে বন্ধুত্বই দলটির আন্তর্জাতিক নীতি বলেও জামায়াত প্রধানের ভাষ্য।
সমতা ও সম্মানের ওপর ভিত্তি করে প্রতিবেশী সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখার প্রতিশ্রুতি জানিয়ে তিনি বলেছেন, পারস্পরিক বিশ্বাস ও সহাবস্থানের ভিত্তিতে ভারতের কাছ থেকেও আমরা একই আচরণের প্রত্যাশী।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার মহুয়া চ্যাটার্জিকে সাক্ষাৎকার দেন শফিকুর রহমান। সেখানেই তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তরের সময়সীমা ও বিএনপির সঙ্গে সম্পর্কসহ নানা বিষয়ে প্রশ্ন করে ইন্ডিয়ান পত্রিকাটি।
জমায়াত আমির বলেন, তারা নির্বাচন ও অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে তাড়াহুড়ো করতে চান না।তারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট চান।
বাংলাদেশে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের মত ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ পদ্ধতিতে নির্বাচন হয়ে এলেও জামায়াতে ইসলামী ও আরও কিছু দল এখন সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে কথা বলছে। এই পদ্ধতিতে কোনো দল সারাদেশে যত শতাংশ ভোট পাবে, সংসদেও তারা তত শতাংশ আসন পাবে।
তবে বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপি এতে আপত্তি জানাচ্ছে। বিএনপি বিশেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানালেও শফিকুল এই দাবির সমালোচনা করেছেন।
তিনি বলেন, ১৫ বছর নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হওয়া জনগণ নির্বাচনের জন্য অধীর। শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারকে হটানোর পর তারা ‘স্বাধীনতার’ স্বাদ পেয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ অবাধ, সুষ্ঠু ও পক্ষপাতহীন নির্বাচন করা। কিছু বিষয়গুলোতে ঐকমত্য প্রয়োজন। এই কাজগুলো শেষ হলেই অল্প ও যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনের জাতীয় দাবি পূরণ হবে।
ইউডি/এবি

