ডিসেম্বরেও ঘূর্ণিঝড়ের আভাস

ডিসেম্বরেও ঘূর্ণিঝড়ের আভাস

উত্তরদক্ষিণ। রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১৮:৩০

দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার পারদ নামছে। ডিসেম্বরের শুরুতেই তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে নেমেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরো কমার আভাস রয়েছে। এর মধ্যেই চলতি ডিসেম্বর মাসেও দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

রবিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি এ আভাস দিয়েছে।

এছাড়া কমিটি চলতি মাসের দ্বিতীয়ার্ধে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে এক থেকে দুটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও আভাস দিয়েছে।

ডিসেম্বর মাসের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এছাড়া সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

সংস্থাটি আরো জানিয়েছে, ডিসেম্বর মাসে দেশের নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। মাসজুড়ে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে শনিবার (৩০ নভেম্বর) রাতে ইন্ডিয়া ও শ্রীলঙ্কায় কমপক্ষে ১৯ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ইন্ডিয়ার তামিলনাড়ু রাজ্য ও পুদুচেরি অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। অক্টোবরে ঘূর্ণিঝড় ডানা ওড়িষ্যা উপকূলে আঘাত হানে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading