বঙ্গবন্ধু ফাউন্ডেশনসহ ৬ প্রতিষ্ঠানের কর অব্যাহতি সুবিধা বাতিল
উত্তরদক্ষিণ। বুধবার (৪ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২৩:০০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশনসহ ৬টি প্রতিষ্ঠানের আয়করমুক্ত সুবিধা বাতিল করেছে সরকার। এর মধ্যে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইও রয়েছে। এসব প্রতিষ্ঠান ১০ থেকে ৫ বছর ধরে তাদের সব ধরনের আয়ের ওপর করমুক্ত সুবিধা পেয়ে আসছিল।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমানের সই করা প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়।
গত ৩ ডিসেম্বর জারি করা (এসআরও-৪০১) প্রজ্ঞাপনে বিভিন্ন সময়ে করমুক্ত সুবিধা পাওয়া ৬টি ফাউন্ডেশনের এ সুবিধা বাতিল করা করা হয়।
এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টকে ২০১৮ সালের ১৭ জুলাই (এসআরও-২৩৪) থেকে স্থায়ী বা সঞ্চয়ী আমানত থেকে অর্জিত সুদের ওপর আয়কর ১০ বছরের জন্য মওকুফ করা হয়। অবশ্য শর্ত হিসেবে প্রতি বছর নিরীক্ষাসহ রিটার্ন দাখিল ও আয়ের অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে হবে বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
২০১৯ সালের ১৯ মার্চ (এসআরও-৮৩) এক প্রজ্ঞাপনে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অনুকূলে প্রাপ্ত দান, অনুদান, ব্যাংক থেকে প্রাপ্ত সুদ এবং কার্যক্রমের মাধ্যমে অন্যান্য উৎসের সব ধরনের আয়কে কর অব্যাহতি দেওয়া হয়। ২০১৯ সালের ১৯ মার্চ প্রজ্ঞাপন জারি হলেও এটি ওই বছর ১ জানুয়ারি কার্যকর হয়েছে বলে গণ্য হবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
ইউডি/এবি

