আসাদের প্রাসাদে ব্যাপক ভাঙচুর-লুটপাট
উত্তরদক্ষিণ। রবিবার (৮ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২১:৩০
বিদ্রোহীদের জোরদার হামলার মুখে মাত্র ১২ দিনেই পতন ঘটেছে দুই যুগ ধরে ক্ষমতায় থাকা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের। তার পতনের পরপরই দেশজুড়ে উল্লাসে মেতে উঠেছেন লাখ লাখ সিরীয় নাগরিক। তাদের মধ্যে অনেকে দামেস্কের কেন্দ্রে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের বিলাসবহুল প্রাসাদে লুটপাট চালিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিনিধি বলেছেন, রবিবার (৮ ডিসেম্বর) বিদ্রোহীদের হাতে দামেস্কের পতনের পরপরই প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিলাসবহুল বাড়িতে লুটপাট করেছেন কয়েক ডজন সিরীয়।
এ সময় বিভিন্ন বয়সি নারী, শিশু ও পুরুষকে আসাদের বাড়ি ও বিশাল বাগানে ঘুরতে দেখা যায়। প্রেসিডেন্ট প্রাসাদের কক্ষগুলো একেবারে খালি থাকলেও কিছু আসবাবপত্র মেঝেতে পড়ে রয়েছে। এছাড়া প্রাসাদে সংরক্ষিত আসাদ ও তার বাবার বেশ কিছু প্রতিকৃতি ভেঙে ফেলেছেন তারা।
দামেস্কের বাসিন্দা ৪৪ বছর বয়সি আবু ওমর বলেন, আমি প্রতিশোধ নেয়ার জন্য এখানে এসেছি। তারা অবিশ্বাস্য উপায়ে আমাদের ওপর নিপীড়ন চালিয়েছে।
এছাড়া নিজের মোবাইলে প্রেসিডেন্ট প্রাসাদে তোলা ছবি দেখিয়ে তিনি বলেন, আমি এখানে এসে ছবি তুলছি। আসাদের বাড়ির মাঝখানে আসতে পেরে অত্যন্ত খুশি।
সিরিয়ার প্রেসিডেন্টের বাসভবনটি দামেস্কের আল-মালিকি অভিজাত এলাকায় অবস্থিত। সেখানে তিনটি ছয়তলা ভবন নিয়ে গঠিত তার বাসভবন। এএফপির একজন সংবাদদাতাও কয়েক কিলোমিটার দূরে দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদে পুড়ে যাওয়া একটি অভ্যর্থনা হল দেখেছেন।
ইউডি/এবি

