পুষ্পা খ্যাত অভিনেতা আল্লু অর্জুন গ্রেপ্তার
উত্তরদক্ষিণ। শুক্রবার (১৩ ডিসেম্বর), ২০২৪, আপডেট ১৪:৩০
ইন্ডিয়ার দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৪ ডিসেম্বর হায়দেরাবাদে ‘পুষ্পা টু’ প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েক জন।
সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। এই ঘটনাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইন্ডিয়ার সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে।
জানা গেছে, শুক্রবার দুপুরে এক সহকারী কমিশনারের নেতৃত্বে পুলিশের একটি দল আল্লুকে হেফাজতে নিতে তার বাড়িতে পৌঁছায়। এরপর নায়কের জুবিলি হিলসের বাসা থেকে চিক্কাদপল্লী থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আল্লুর পরিবারের সদস্যরাও। সেখান থেকে একটি গাড়িতে করে আল্লুকে থানায় নিয়ে যাওয়া হয়।
এর আগে এ ঘটনার সঙ্গে অভিযুক্ত করে আল্লু অর্জুনসহ নায়কের নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। পরে সেই অভিযোগের ভিত্তিতে ইন্ডিয়ার ন্যায় সংহিতা আইনে মামলা হয় অভিযুক্তদের বিরুদ্ধে। এরপর আল্লু অর্জুনকে ছাড়া তার নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের তিন সদস্যকে গত সোমবার গ্রেপ্তার করে হায়দরাবাদ পুলিশ। যে তিনজনকে গ্রেপ্তার করা হয়, তাদের মধ্যে একজন সেই থিয়েটারের মালিক এম সন্দীপ, একজন ম্যানেজার এম নাগার্জু এবং আল্লুর নিরাপত্তা প্রধান গন্ধকাম বিজয় চন্দর।
ইউডি/এবি

