অন্তর্বর্তী সরকার ও তত্ত্বাবধায়ক সরকার ‘সাংঘর্ষিক’ নয়: অ্যাটর্নি জেনারেল
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর), ২০২৪, আপডেট ১৯:১০
হাই কোর্টের রায়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ খুলেছে, তার সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যবস্থা ‘সাংবিধানিকভাবে সাংঘর্ষিক হবে না’ বলেই মনে করছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।
এক যুগ আগে আওয়ামী লীগ সরকারের সময়ে সংবিধানের যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়েছিল, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) তার কিছু অংশ বাতিল ঘোষণা করেছে হাই কোর্ট।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় দেয়। এর ফলে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের যে বিধান আওয়ামী লীগ করেছিল, তা বাতিল হয়ে তার জায়গায় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ খুলল।
রায়ের পর একজন সংবাদিক অ্যাটর্নি জেনারেলের কাজে জানতে চান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবে সাংঘর্ষিক হবে কি না।
জবাবে আসাদুজ্জামান বলেন, হাই কোর্ট রায়ের মধ্য দিয়ে বলেছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবেই বৈধ। আর সরকার পতনের পর প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ পূর্ণাঙ্গ বেঞ্চ সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী মতামত দিয়ে বলেছিল, সংসদ না থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা ও কয়েকজন উপদেষ্টা নিয়ে অন্তবর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে।
উত্তরে তিনি বলেন, গোটা প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্ট বলছে, এটা বৈধ এবং সাংবিধানিক সরকার হবে। ওইটার সাথে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সাংঘর্ষিক কোনো পজিশন নাই।
১৯৯০ সালে গণঅভ্যুত্থানে এরশাদ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন একটি সরকারের অধীনে হয় সাধারণ নির্বাচন হলেও তখন বিষয়টি সংবিধানে যুক্ত করা হয়নি।
ইউডি/এবি

