বিপিএলে বরিশালের হয়ে খেলবেন শাহিন আফ্রিদি
উত্তরদক্ষিণ। বুধবার (১৮ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২০:৩০
বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর আর দুই সপ্তাহও বাকি নেই। দল সাজানোয় শেষ মুহূর্তের ব্যস্ততা চলছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। এমন সময়ে এসে পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে দলে টেনেছে ফরচুন বরিশাল।
বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হয়ে গেছে অনেক আগেই। শাহিন আফ্রিদিকে বরিশাল দলে টেনেছে সরাসরি চুক্তিতে। বুধবার (১৮ ডিসেম্বরও) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাহিনকে দলে টানার বিষয়টি জানিয়েছে বরিশাল।
শাহিনের আগমনে আরও শক্তিশালী হলো বরিশালের স্কোয়াড। পাকিস্তানের তারকা পেসারকে অবশ্য পুরো আসরের জন্য পাবে না গতবারের চ্যাম্পিয়নরা। বরিশালের প্রথম পাঁচ ম্যাচের জন্য পিসিবির এনওসি পেয়েছেন এই তারকা।
শাহিনের আগমনে বরিশালের মোট খেলোয়াড়ের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৩-এ। দেশি-বিদেশি মিলিয়ে দারুণ এক স্কোয়াড সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। রিটেনশন থেকে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমকে ধরে রাখে তারা।
ড্রাফট থেকে মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, আরিফুল ইসলাম এবং নাজমুল হোসেন শান্তকে দলে টানে তারা। স্পিন আক্রমণে রিশাদের সঙ্গে দলে রাখা হয়েছে তাইজুল ইসলাম, তানভীর ইসলাম, নাইম হাসানকে। পেস বোলিংয়ে আছেন এবাদত হোসেন রিপন মন্ডল ও শহিদুল ইসলাম।
বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রেও তারকার বন্যা বইয়ে দিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। মোহাম্মদ নবী, কাইল মায়ের্স, ডেভিড মিলার, ফাহিম আশরাফ, জেমস ফুলারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে তারা। এবার এই তালিকায় যুক্ত হলেন শাহিন। ড্রাফট থেকে তারা দলে নেয় লঙ্কান ব্যাটার পাথুম নিসাঙ্কা ও প্রোটিয়া পেসার নাদ্রে বার্গারকে।
ইউডি/এবি

