এপ্রিলেও রেমিট্যান্সে জোয়ার
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০১ মে, ২০২৬, আপডেট ০৮:০০
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চলতি এপ্রিল মাসেও রেমিট্যান্স প্রবাহে জোয়ার অব্যাহত রয়েছে। মাস শেষ হওয়ার আগেই, মাত্র ২৯ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে ৩ বিলিয়ন ডলারের বেশি অর্থ পাঠিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, এপ্রিলের প্রথম ২৯ দিনে দেশে এসেছে প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা ৭০ পয়সা ধরে) এর পরিমাণ দাঁড়ায় ৩৬ হাজার ৮০০ কোটি টাকারও বেশি।
সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে দেশে পরিবারের বাড়তি খরচ, বিশেষ করে কোরবানির পশু কেনা এবং অন্যান্য প্রয়োজন মেটাতে প্রবাসীরা আগেভাগেই বেশি অর্থ পাঠাচ্ছেন। এর ফলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি যোগাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে দেশে সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। এর আগে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স ছিল ৩০২ কোটি ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯২১ কোটি মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ দশমিক ৮ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ হাজার ৪৩৯ কোটি মার্কিন ডলার।
ইউডি/কেএস

