বদিউল আলমের বক্তব্য প্রত্যাখান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

বদিউল আলমের বক্তব্য প্রত্যাখান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২০:৪০

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের বক্তব্য প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার সফল আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটি বলেছে, নির্বাচনসহ যে কোন রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে।

আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনো বাধা দেখছেন না বলে বদিউল আলম মজুমদারের মন্তব্যের কয়েক ঘণ্টা পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এ বিষয়ে সংগঠনের অবস্থান তুলে ধরেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংগঠনের ফেইসবুকে মুখপাত্রের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী গোষ্ঠী। এছাড়াও গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাসহ বিভিন্ন মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডে আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে জড়িত ছিল।

“সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় দুই হাজার শহীদের প্রাণ এবং ত্রিশ হাজারের অধিক মানুষের অঙ্গহানি করেছে কুখ্যাত আওয়ামী লীগ। আওয়ামী লীগ বিগত তিনটি নির্বাচনকে অবৈধ উপায়ে নিজেদের কুক্ষিগত করেছে। যে দলটি বাংলাদেশের নির্বাচনব্যবস্থাকে কলঙ্কিত করেছে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জন-আকাঙ্ক্ষার বিরুদ্ধাচারণ।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে। নির্বাচনসহ যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading