‘স্পিরিট অব জুলাই কনসার্ট‘ শুল্ক-করমুক্ত করল এনবিআর
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২০:৫০
রাহাত ফাতেহ আলী খান ও তার দলের অংশগ্রহণে আয়োজিত ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ এর আয়ে সব ধরনের ভ্যাট ও সম্পূরক শুল্ক (টিকিট ও ভেন্যু) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহে আগামী ২১ ডিসেম্বর আয়োজিত ‘স্পিরিট অব জুলাই’এবং স্কাইট্র্যাকার লিমিটেড আয়োজিত ‘ইকোস অব রেভ্যুলিউশন কনসার্ট অনুষ্ঠিত হবে। এই কনসার্টের বিক্রিত টিকিট থেকে আয়োজক সংস্থা কোনো অর্থ নেবে না। এছাড়া গায়ক রাহাত ফাতেহ আলী খান ও তার দল কোনো পারিশ্রমিক নেবেন না।
বিক্রিত টিকিটের পুরো অর্থ জুলাই বিপ্লবে আহত ও নিহতের পরিবারের কল্যাণে ব্যয় করা হবে। সে কারণে এনবিআর থেকে ওই কর সুবিধা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রথম সচিব (মূসক বাস্তবায়ন) মোহাম্মদ আরিফুল ইসলাম সই করা বিশেষ আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, ২১শে ডিসেম্বর বাংলাদেশ আর্মি স্টোডিয়ামে ‘স্পিরিটস অব জুলাই’ এবং ‘স্কাইট্র্যাকার লিমিটেড’ কর্তৃক আয়োজিত ‘একোস অব রেভ্যুলিউশন’ কনসার্টটি প্রদর্শনের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও সম্পূরক শুল্ক হতে অব্যাহতি প্রদান করা হলো। কনসার্টটি আয়োজনে বাংলাদেশ আর্মি স্টোডিয়াম, রাহাত ফাতেহ আলী খানের দলসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি এবং সংস্থা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে আয়োজনে সহযোগিতা করছেন।
এই আয়োজনে বিক্রিত টিকিটের সকল অর্থ জুলাই বিপ্লবে আহত এবং নিহতদের পরিবারের কল্যাণে ব্যবহৃত হবে। এবং এটি একটি অ-লাভজনক আয়োজন। সেহেতু, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে, এনবিআর কনসার্টটি আয়োজনের ক্ষেত্রে প্রযোজ্য মূসক বা ভ্যাট ও সম্পূরক শুল্ক শর্ত পরিপালন সাপেক্ষে অব্যাহতি প্রদান করল।
শর্তের মধ্যে রয়েছে-মূসক আইনের ধারা ৯২ অনুযায়ী সংশ্লিষ্ট কমিশনার এই আদেশের মাধ্যমে অব্যাহতিপ্রাপ্ত কনসার্টটি প্রদর্শনের ক্ষেত্রে মূষক ও সম্পূরক শুল্ক মুক্তভাবে প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করবেন; কনসার্টটি মূসক ও প্রযোজ্য সম্পূরক শুল্ক মুক্তভাবে প্রদর্শনের ক্ষেত্রে কোন অনিয়ম বা অভিযোগ আপত্তি উত্থাপিত হলে সেক্ষেত্রে মুসক ও সম্পূরক শুল্ক পরিশোধযোগ্য হবে।
ইউডি/এবি

