ইন্ডিয়ায় পার্লামেন্ট চত্বরে হাতাহাতি, আইসিইউতে ২ এমপি
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২১:৩০
ইন্ডিয়ার নয়াদিল্লিতে পার্লামেন্ট চত্বরে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন ইন্ডিয়ান জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিরোধীদের সঙ্গে এনডিএ জোটের সদস্যদের এই সংঘর্ষ হয়। এ সময় বিজেপির দুজন সংসদ সদস্য মাথায় আঘাত পেয়েছেন। তাদেরকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন দুই সংসদ সদস্য।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আম্বেদকর মন্তব্য ঘিরে দেশটির সংসদে সরকার ও বিরোধীপক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি চলছে। এরই মধ্যে দুইপক্ষের ধ্বস্তাধস্তিতে আহত হলেন ইন্ডিয়ান জনতা পার্টির (বিজেপি) দুই এমপি।
বৃহস্পতিবার পার্লামেন্টের বাইরে বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও বিজেপির এমপিদের ধাক্কাধাক্কি হয়। এ সময় বিজেপির এমপি প্রতাপ সারাঙ্গী মাথায় আঘাত পান। পরে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এছাড়া আহত আরেক বিজেপি এমপি মুকেশ রাজপুতকেও আইসিইউতে ভর্তি করা হয়েছে।
বিজেপির অভিযোগ, রাহুল গান্ধীর আঘাতেই তাদের দলের এমপিরা আহত হয়েছেন। বিজেপি সরকারের সংসদবিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন, কী করে তিনি (রাহুল) সংসদে শক্তি প্রয়োগ করতে পারেন। কোন আইন তাকে এমপিদের শারীরিকভাবে লাঞ্ছিত করার ক্ষমতা দিয়েছে?
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওচিত্রে দেখা যায়, ইন্ডিয়ার সংসদের বাইরে বিজেপি সাংসদ প্রতাপ সারাঙ্গী মাথায় আঘাত পেয়ে কিছুক্ষণ বসে থাকেন। এ সময় রাহুল গান্ধী তার কাছে গিয়ে শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিজেপি সাংসদরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।
ইউডি/এবি

