সামনের যুদ্ধ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার: তারেক রহমান
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২১:৪০
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনের যুদ্ধ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার। এই যুদ্ধের যোদ্ধা আমরা সবাই। এই যুদ্ধে যদি জয়ী হতে হয় তাহলে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক মানিকগঞ্জ, নরসিংদী জেলা ও মুন্সীগঞ্জ জেলার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বলেন, ষড়যন্ত্র যেহেতু থেমে নেই, আপনারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, হত্যার শিকার হয়েছেন, জেল-জুলুমের শিকার হয়েছেন, গায়েবি মামলার শিকার হয়েছেন, অত্যাচার-নির্যাতনের কারণে দিনের পর দিন জঙ্গলে থাকতে হয়েছে, ধানক্ষেতে থাকতে হয়েছে, আপনারা সেই পরীক্ষা দিয়ে এসেছেন। কিন্তু সামনের পরীক্ষা শেষ হয়ে যায়নি। সামনে পরীক্ষা আরও রয়েছে- এটি এমন একটি যুদ্ধ, এটি জনগণের পক্ষের যুদ্ধ, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী হতে হয় তাহলে অনবরত সংগ্রাম চালিয়ে যেতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আমাদের যদি এই নির্বাচনের পুলসিরাত পার হতে হয় তাহলে জনগণের পেছনে থাকতে হবে। জনগণের সঙ্গে থাকতে হবে এবং জনগণকে সঙ্গে রাখতে হবে।
ইউডি/এবি

