হজের চূড়ান্ত নিবন্ধন ১৫ জানুয়ারি পর্যন্ত
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২১:৪৫
আগামী বছর যারা হজে যেতে চান তাদের চূড়ান্ত নিবন্ধনের সময় ১৫ জানুয়ারি পর্যন্ত বেঁধে দিয়েছে সরকার।
যে প্যাকেজের আওতায় হজে যাবেন তার বাকি অর্থ এ সময়ের মধ্যে পরিশোধ করতে হবে তাদের।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, সরকারি মাধ্যমের হজযাত্রীদের সোনালী ব্যাংকে এবং বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের সংশ্লিষ্ট এজেন্সির ব্যাংক হিসাবে এ টাকা জমা দিতে হবে।
হজে যেতে হলে প্রথম ধাপে ৩০ হাজার টাকা দিয়ে ‘প্রাক নিবন্ধন’ করতে হয়। সেটি সম্পন্ন করলে একটি নম্বর দেওয়া হয়। সেই নম্বর হজের জন্য নির্বাচিত হলে তা এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।
এরপর ৩ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হয়। তারপর প্যাকেজের বাকি টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করা যায়। তবে, প্রাথমিক নিবন্ধন চলাকালে কেউ চাইলে প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে পারেন।
বুধবার ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার প্রজ্ঞাপনে প্রাথমিক নিবন্ধনকারীদের উদ্দেশে বলা হয়েছে, সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের জন্য মিনায় তাঁবু, বাড়ি বা হোটেল ভাড়া নিতে হবে।
এ ছাড়া মোয়াল্লেম ও পরিবহনসহ সেবা নিতে চুক্তি করতে হবে।
ইউডি/এবি

