বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: ডোপ টেস্টে গ্রেপ্তার দুজন ‘পজিটিভ’
উত্তরদক্ষিণ। শুক্রবার (২০ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২১:২০
প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেপ্তার তিনজনের মধ্য দুজন ‘ডোপ টেস্টে’ পজিটিভ হয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এই পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার মুবিন আল মামুন, মিরাজুল করিম ও আসিফ চৌধুরীর ডোপ টেস্ট দুপুরে করা হয়। এদের মধ্যে মুবিন ও মিরাজুলের পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে।
বৃহস্পতিবার গভীররাতে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে প্রাইভেট কারের চাপায় রূপগঞ্জ পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ মারা যান। আর গুরুতর আহত হন সহপাঠী মেহেদী হাসান খান ও অমিত সাহা।
ঘটনার সময় প্রাইভেট কারটি চালাচ্ছিলেন মুবিন আল মামুন, তিনি সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুনের ছেলে। গাড়িটির নিবন্ধনও সাবেক ওই সেনা কর্মকর্তার নামে।
নারায়ণগঞ্জ আদালত চত্বরে শুক্রবার কথা হয় সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে। তিনি গণমাধ্যমকে বলেন, তার ছেলের ড্রাইভিং লাইসেন্স রয়েছে।
ঘটনার বিষয়ে তিনি আর কিছু বলতে চাননি।
ইউডি/এবি

