৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম
উত্তরদক্ষিণ। শুক্রবার (২০ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২০:৩০
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, অনেক রাজনৈতিক দল সেই জুলাইয়ের ২০ তারিখ, ২৫ তারিখ, ৩০ তারিখ পর্যন্ত বলেছিল যে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি, আমরা ফ্যাসিস্ট হাসিনার পতনের সঙ্গে একমত হব কি না। সেই সংগ্রামে যুক্ত হব কি না।
শুক্রবার (২০ ডিসেম্বর) খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ জেলার মোট ৫৮ শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে চেক হস্তান্তর করা হয়।
সিদ্ধান্তহীনতায় ভোগা অনেক রাজনৈতিক দল এখন বড় গলায় কথা বলছে উল্লেখ করে অনুষ্ঠানে সারজিস আলম বলেন, তারা যদি আজকে বড় বড় গলায় আমাদের সামনে বলে, এই অভ্যুত্থানে তাঁরাই সামনের সারিতে ছিলেন, আমরা (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) শুধু অংশগ্রহণ করেছি। তাদের শুধু একটি কথাই বলতে চাই—বড় গলায় কথা বলার আগে নিজের বিবেকবোধের জায়গা থেকে একটি জিনিস শুধু চিন্তা করুন যে জুলাইয়ের পুরো মাসে আপনাদের অবস্থান কোথায় ছিল? ওই জুলাইয়ের পুরো মাসে আপনাদের কথা বলার জায়গা কেমন ছিল? আপনাদের ভাগ্যগুলো কেমন ছিল?
জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের উদ্দেশে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, আমরা কোনো দলকানা হব না, গোষ্ঠীর পূজা করব না। আমরা কাউকে ছেড়েও কথা বলব না। কিন্তু আমরা এটাও লক্ষ রাখব, বিভিন্ন মহলের প্রোপাগান্ডার সেলগুলো বিভিন্ন অপব্যাখ্যা করে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে কি না। আমাদের এটাও খেয়াল রাখতে হবে, গুজব লীগের মতো বিভিন্ন প্রতিষ্ঠান যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে দেশের টাকা বিদেশে মজুত করেছে, সেই টাকা ব্যবহার করে এখন পুরো বাংলাদেশকে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে কি না। এই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট মানুষগুলোকে বিভিন্ন গুজবের মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করছে কি না।
ইউডি/এবি

