ফ্যাসিস্ট সরকারের দোসরদের পালানোর পথ করে দিচ্ছে একটি চক্র: সাকি
উত্তরদক্ষিণ। শনিবার (২১ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২৩:৪০
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, গণতন্ত্র হলো জনগণের ক্ষমতা, জনগণই সকল ক্ষমতার উৎস। কাজেই গণতন্ত্রকে টিকিয়ে রাখার স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্রকে পাহারা দিতে হবে জনগণকেই।
তিনি বলেন, গত সব সরকার ক্ষমতাকে টিকিয়ে রাখতে গণতন্ত্রকে ধ্বংস করে গেছে। তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে এই গণতন্ত্রকে ধ্বংস করে গেছে গত ফ্যাসিস্ট সরকার। তারা চেয়েছিল ক্ষমতাকে চিরস্থায়ীভাবে ধরে রাখতে, কিন্তু জুলাই আগস্ট বিপ্লবে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ টাউন হলে গণ সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিবাদের দোসররা আজ পালানোর পথ খোঁজে পাচ্ছে না। তাদের পালানোর পথ করে দিচ্ছে একটি চক্র। তাদের থেকে আমাদের সাবধান হতে হবে।
বর্তমান সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের মনে রাখতে হবে রক্তের ওপর ভর দিয়ে এই সরকার এসেছে। তাদের উচিত হবে জুলাই আগস্টে নিহতদের সঠিক তালিকা করা। তাদের পাশে দাঁড়ানো এই সরকারের নৈতিক দায়িত্ব। এর পাশাপাশি দ্রুত নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া।
গণ সংলাপে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আব্দুর রশিদ নিলু, সদস্য মনির উদ্দিন পাপ্পু, সদস্য শামসুল আলম, সম্মিলিত পেশাজীবী সংহতি মির্জা নাজমুল হুদা।
সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান। সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব এ আর এম মুসাদ্দিক আসিফ।
সংলাপ অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইউডি/এবি

