পদ্মা ব্যাংককে একীভূত করবে না এক্সিম

পদ্মা ব্যাংককে একীভূত করবে না এক্সিম

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২১:০০

পদ্মা ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শরিয়াহভিত্তিক বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তথ্য দিয়ে এক্সিম ব্যাংক এই সিদ্ধান্ত জানিয়েছে।

যদিও পদ্মা ব্যাংক বলছে, এক্সিম ব্যাংকের এই সিদ্ধান্তের বিষয়টি তারা জানে না।

সোমবার এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ পদ্মা ব্যাংককে একীভূত করার প্রক্রিয়াটি আর চলমান না রাখার সিদ্ধান্ত নেয়।

ব্যাংকটি বলছে, দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে এই মুহূর্তে তারা পদ্মা ব্যাংকের দায়িত্ব নিতে পারবে না। পদ্মা ব্যাংক অপেক্ষা করলে ‘ভালো সময় এলে দেখা যেতে পারে’।

ব্যাংক খাতের সংস্কারে সবচেয়ে আলোচিত হওয়া ‘মার্জার’ বা সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত করার উদ্যোগের প্রথম পদক্ষেপ হিসেবে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছিল ব্যাংক দুটি। বাংলাদেশ ব্যাংকের মধ্যস্ততায় ওই চুক্তি হয় গত মার্চে।

সরে আসার কারণ তুলে ধরে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, “দেশের অনেক কিছুই বদলে গেছে। এই মুহূর্তে পদ্মা ব্যাংকের দায়িত্ব নিতে পারব না আমরা (এক্সিম ব্যাংক)।

“বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, পদ্মা ব্যাংকের দায়িত্ব নিতে পারবে না। তারা যদি (পদ্মা ব্যাংক) অপেক্ষা করে, তাহলে ভালো সময় এলে দেখা যেতে পারে।’’

সিদ্ধান্তের আগে পদ্মা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading