সময় টিভির চাকরিচ্যুত ৫ সাংবাদিককে পুনর্বহালের দাবি হাসনাতের
উত্তরদক্ষিণ। শুক্রবার (২৭ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২৩:৩০
সময় টেলিভিশনের পাঁচ সাংবাদিকের আকস্মিক চাকরি হারানোর ঘটনায় ওঠা অভিযোগ অসত্য এবং ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। চাকরিচ্যুত সেই ৫ সাংবাদিককে পুনর্বহালের দাবিও জানান তিনি।
শুক্রবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ মন্তব্য করেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি গত ১৭ ডিসেম্বর কয়েকজন সাংবাদিকের দ্বারা প্ররোচিত হয়ে সময় টিভির এমডি মি. হাসানের সঙ্গে দেখা করতে যাই। এটি আমার ভুল হয়েছে। তবে সেসময় আমি কাউকে চাকরিচ্যুত করার কথা বলিনি।
তিনি অভিযোগ করেন, সিটি গ্রুপ এবং সময় টিভির অভ্যন্তরীণ দ্বন্দ্বে তাকে জড়িয়ে তাদের স্বার্থ হাসিলের নোংরা চেষ্টা করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, বৈঠকে আমিসহ উপস্থিত ব্যক্তিরা সঠিক সংবাদ প্রচার করে ফ্যাক্ট ভিত্তিক সাংবাদিকতার আহ্বান জানিয়েছিলাম। প্রোপাগান্ডামূলক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসার অনুরোধ করেছিলাম। আমি দায়িত্ব নিয়ে এবং দৃঢ়তার সঙ্গে বলছি, সেখানে আমি কোনো সাংবাদিকের তালিকা দেইনি এবং চাকরি থেকে বাদ দেওয়া সাংবাদিকদের ব্যক্তিগতভাবে চিনিও না।
তিনি আরও বলেন, বার্তা সংস্থা এএফপি এবং বিবিসি বাংলার কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি সিটি গ্রুপ এবং সময় টেলিভিশন কর্তৃপক্ষকে কোনো সাংবাদিকের তালিকা দিয়েছি এবং কাউকে বরখাস্ত করতে চাপ দিয়েছি সেটির স্বপক্ষে যদি তাদের কাছে কোনো প্রমাণ থেকে থাকে, সেটি যেন তারা হাজির করেন। যদি হাজির করতে না পারেন, তবে তা যেন স্বীকার করেন।
ইউডি/এবি

