‘পদমর্যাদা’ প্রশ্নে ইন্ডিয়ার পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি বালেন্দ্র শাহ’র

‘পদমর্যাদা’ প্রশ্নে ইন্ডিয়ার পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি বালেন্দ্র শাহ’র

উত্তরদক্ষিণ। সোমবার, ১১ মে, ২০২৬, আপডেট ১৮:৫৫

গত কয়েক বছর ধরে ইন্ডিয়া ও নেপালের সম্পর্ক নানা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি সরকারের চীনের দিকে ঝোঁক এবং কালাপানি-লিম্পিয়াধুরা-লিপুলেখ ত্রিমোহনা এলাকা নিয়ে সীমান্ত বিরোধ।

এখন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ-এর আমলে বিভিন্ন নীতিগত সিদ্ধান্তের কারণে দুই দেশের সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক এক ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

খবরে বলা হয়েছে, বালেন্দ্র শাহ ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন। কারণ হিসেবে তিনি ‘পদমর্যাদার পার্থক্যে’র কথা উল্লেখ করেছেন। পররাষ্ট্রমন্ত্রীর নিচের পদমর্যাদার কোনো বিদেশি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করতে অনীহা প্রকাশ করেছেন বালেন্দ্র শাহ। তথ্যসূত্র: জি নিউজ।

বিক্রম মিশ্রির কাঠমান্ডু সফর স্থগিত

কাঠমান্ড পোস্ট জানিয়েছে, ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাঠমান্ডু সফর স্থগিত করা হয়েছে বলে নেপাল সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন। তার আজ সোমবার (১১ মে) দুই দিনের সফরে কাঠমান্ডু যাওয়ার কথা ছিল।

নয়াদিল্লি নতুন নেপাল সরকারের সঙ্গে আলোচনা করে তাদের অগ্রাধিকার বুঝতে পররাষ্ট্রসচিবকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। এই সফরের মাধ্যমে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের দিকনির্দেশনা নির্ধারণ হওয়ার কথা ছিল। সফর স্থগিত হওয়া এবং সাম্প্রতিক নেপাল-ভারত সম্পর্কের টানাপোড়েন নিয়ে এখন নানা প্রশ্ন উঠছে।

বিশ্লেষকদের মতে, নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর দুই দেশের মধ্যে যে উৎসাহ দেখা গিয়েছিল, তা এখন কিছুটা কমে গেছে। তবে কর্মকর্তারা বলছেন, দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ের নির্ধারিত বৈঠক ও সফর আগের সূচি অনুযায়ীই চলবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্ডিয়ান পক্ষ জানিয়েছে, বিক্রম মিশ্রির অন্য ব্যস্ততার কারণে সফর আপাতত স্থগিত করা হয়েছে। তবে সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

প্রতিবেদন মতে, নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সফর স্থগিত হওয়ার দুটি সম্ভাব্য কারণ উল্লেখ করেছেন। প্রথমত, প্রধানমন্ত্রী শাহ ইন্ডিয়ার বারবার অনুরোধ সত্ত্বেও ইন্ডিয়ান পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি।

দ্বিতীয়ত, ইন্ডিয়া-চীন সীমান্তের কাছে অবস্থিত লিপুলেখ এলাকা নিয়ে সাম্প্রতিক বিরোধ। নেপাল ঐতিহাসিকভাবে এই এলাকাকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। ভারত ও চীন বিতর্কিত ওই পথ দিয়ে তিব্বতের মানস সরোবর তীর্থযাত্রা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়ায় বালেন্দ্র শাহ সরকার আপত্তি জানায়।

গত মাসের শেষ সপ্তাহে ইন্ডিয়া জানায়, নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের মধ্যে মরিশাসে হওয়া সমঝোতা অনুযায়ী বিক্রম মিশ্রি কাঠমান্ডু সফরে যাবেন। ইন্ডিয়া ১১-১২ মে সফরসূচির অনুমোদনও চেয়েছিল।

এরপর নেপালের পররাষ্ট্রসচিব অমৃত বাহাদুর রায় আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠান এবং সফরের প্রস্তুতি শুরু হয়। মিশ্রির শাহকে ইন্ডিয়া সফরের আমন্ত্রণপত্র দেওয়ারও কথা ছিল।

খানাল মরিশাস সফরে ঘোষণা করেছিলেন যে বালেন্দ্র শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই সফরের প্রস্তুতি নেবে। যদিও কোন পক্ষ আনুষ্ঠানিকভাবে সফরের ঘোষণা দেয়নি, তবুও কাঠমান্ডু ও নয়াদিল্লিতে জোর প্রস্তুতি চলছিল।

নেপালের ইন্ডিয়াস্থ রাষ্ট্রদূত শঙ্কর শর্মার বিদায়ী সাক্ষাতেও মিশ্রি জানিয়েছিলেন যে, তার সফর পরিকল্পনামাফিক এগোচ্ছে এবং তিনি উৎসাহ নিয়ে কাঠমান্ডু যেতে চান।

মন্ত্রীর নিচের পদমর্যাদার কোন বিদেশি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ নয়

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বালেন্দ্র শাহ পররাষ্ট্রমন্ত্রীর নিচের পদমর্যাদার কোন বিদেশি কর্মকর্তা বা নেতার সঙ্গে দেখা করা থেকে বিরত থাকছেন। তিনি আগে আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী সমির পাল কাপুর এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সের্গিও গরের সঙ্গেও দেখা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

ইন্ডিয়া, চীন ও আমেরিকার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নেপালের অর্থমন্ত্রী স্বর্নিম ‍ওয়াগল এবং পররাষ্ট্রমন্ত্রী খানালের অনুরোধও বালেন্দ্র শাহ উপেক্ষা করেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সাবেক নেপালি রাষ্ট্রদূত বিজয় কান্ত কর্ন বলেন, শাহর নেতৃত্বে শক্তিশালী সরকার গঠনের পর ইন্ডিয়ায় শুরুতে অনেক উৎসাহ ছিল, কিন্তু এখন তা কমে গেছে। তবে তিনি মনে করেন না যে এতে দুই দেশের মধ্যে বড় ধরনের কূটনৈতিক অচলাবস্থা তৈরি হবে। তার মতে, ইন্ডিয়া পররাষ্ট্রসচিবের সফর স্থগিত হওয়ায় ক্ষতি হয়েছে নেপালেরই।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading