রাজনৈতিক দলের মতামতে হবে জুলাই ঘোষণাপত্রের খসড়া: প্রেস সচিব
উত্তরদক্ষিণ। রবিবার (০৫ জানুয়ারি), ২০২৪, আপডেট ২৩:৩০
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আলোকেই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া তৈরি হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রবিবার (০৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ঘোষণাপত্র নিয়ে কাজ শুরুর কথা তুলে ধরে তিনি বলেন, আগামীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা হবে। সেই আলোকে ঘোষণাপত্রের খসড়া (ড্রাফটিং) হবে।
কবে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা- এমন প্রশ্নে তিনি বলেন, এখনো সুনির্দিষ্ট সময় নির্ধারিত হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়ার দাবির প্রসঙ্গে এক প্রশ্নে প্রেস সচিব বলেন, আমরা বলেছিলাম কিছুদিনের মধ্যে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
জুলাই ঘোষণষাপত্র নিয়ে মানুষের মনোভাব জানতে সারাদেশে যৌথভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগের কর্মসূচির মধ্যে এ ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে সরকারের অগ্রগতির তথ্য সামনে এল। ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত এ জনসংযোগ কর্মসূচি চলবে।
জুলাই ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দিয়ে সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি কর্মসূচি দিয়েছিল। বাংলাদেশের ইতিহাসের গতিপথ বদলে দেওয়া ২০২৪ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েতের ওই কর্মসূচি হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী প্রস্তুতিও নিয়েছিল সংগঠন দুটি।
ইউডি/এবি

