আমি একজন দয়ালু মানুষ পেয়েছি: রোজা আহমেদ
উত্তরদক্ষিণ। সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, আপডেট ১০:৩০
শনিবার দিনভর আলোচনা চললেও সন্ধ্যায় ছবি পোস্ট করে রোজা আহমেদকে বিয়ের কথা জানান সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে হয়েছে তাদের বিয়ে। একদিন পর বিয়ের দিনের একগুচ্ছ ছবি শেয়ার কয়েছেন রোজা আহমেদ।
শেয়ার করা ছবির ক্যাপশনে রোজা লিখলেন, ‘আমি এমন একজন লোককে পেয়েছি যিনি দয়ালু। তিনি জীবনের জন্য বিশ্বাস, শ্রদ্ধা এবং বন্ধুত্ব চেয়েছিলেন। আমি তাকে এসবের সঙ্গে জীবনের জন্য একটি বাড়ির প্রতিশ্রুতি দিয়েছিলাম। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।’
এদিকে নববধূ স্ত্রী রোজা আহমেদকে নিয়ে সুন্দরভাবে পথ চলতে দোয়া চেয়েছেন কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে হয়েছে। বিয়ে করার পরই সবাইকে জানাতে চেয়েছি। যে কারণে আগে কাউকে কিছু বলিনি। শুভ কাজটা আমরা আজ সেরেছি। আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি, সেই দোয়া চাই।’
আগের দিন শুক্রবার সকাল থেকে তাহসান খানের বিয়ের খবরে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। গায়ে হলুদের বেশকিছু ছবি শেয়ার করে অনেকে প্রিয় গায়ককে শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে জানানো হয়েছে পাত্রীর পরিচয়ও। তবে এ বিষয়ে মন্তব্য না করে ওইদিন সকালে তাহসান বলেছেন, ‘সন্ধ্যায় চমক আসছে।’ এরপর সন্ধ্যায় বিয়ের কিছু ছবি পোস্ট করেন তিনি।
একটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে কবিতা আকারে তিনি লিখেছেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’ সঙ্গে হ্যাসট্যাগে জুড়ে দিয়েছেন ‘হোমফরলাইফ’। শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করার পর তাহসান ও রোজা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন নেটিজেনরা। শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে।
জানা গেছে, তাহসানের স্ত্রী রোজা আহমেদ ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করে পরবর্তী সময়ে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন। তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে রোজা বেশ জনপ্রিয়, অসংখ্য অনুসারী রয়েছে তার।
প্রসঙ্গত, প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তারা কন্যাসন্তানের মা–বাবা হন। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান। নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এদিন দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।
ইউডি/কেএস

