এস আলম পরিবারের ১৬ সম্পত্তি ক্রোকের আদেশ, ৮৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৪ জানুয়ারি), ২০২৪, আপডেট ২৩:৫০
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় সুবিধা পাওয়া শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম (এস আলম) ও তার পরিবারের ১১ সদস্যের ১৬টি স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছে আদালত।
একই সঙ্গে পরিবারটির সদস্যসহ ৮ জনের ৮৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশন, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, সংস্থার উপপরিচালক আবু সাইদ এস আলমের স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ চেয়ে আদালতে পৃথক দুটি আবেদন করেন।
তিনি বলেন, দুদকের পক্ষে আইনজীবী রেজাউল হক রেজা শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেয়।
দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন বলেন, এস আলম পরিবারের যাদের সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ হয়েছে তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে।
ইউডি/এবি

