জুনের মধ্যে নির্বাচন দিতে বললেন বিএনপি নেতা টুকু
উত্তরদক্ষিণ। শনিবার (১৮ জানুয়ারি), ২০২৪, আপডেট ২১:৪০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা জুনের মধ্যে ভোট চাই। এটা কোনো লম্বা সরকার না। এটি অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন করে। স্থানীয় সরকারের নির্বাচন করে না।
তিনি বলেন, যত সরকার এদেশে এসেছে তারা সবাই ক্ষমতায় এসে জাতীয় নির্বাচন করে চলে গেছে। স্থানীয় সরকারের নির্বাচনের দায়িত্ব নির্বাচিত সরকারের।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের শেরপুর এলাকায় খলিলপুর-মনুমুখ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
টুকু আরও বলেন, এটি পরিষ্কার বিএনপি জাতীয় নির্বাচন ছাড়া কোনো নির্বাচন মানে না। তাই আপনাদের বলতে চাই পথ বড় পিচ্ছিল। এ পথ আমাদের অতিক্রম করে আগামী নির্বাচনের দ্বার প্রান্তে পৌঁছাতে হবে। কাজেই বিএনপির নেতাকর্মীরা এমন কোনো কাজ করবেন না, যাতে দল বদনামি হয়।
টুকু বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, একটা দল মাঠে নেমে আল্লাহ এবং ধর্মের দোহাই দিয়ে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। তারা বলছে, এক সময় ছাত্রলীগ খেয়েছে। আবার আরেক দল খাওয়ার জন্য পাঁয়তারা করছে। তাদের থেকে সাবধান।
ব্রিটেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, এম এ মুকিত, সিলেট বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মিছবাহ সিদ্দিকী, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জিকে গউছ প্রমুখ।
ইউডি/এবি

