আগামী দুই দশক রাজনীতিতে তরুণরা প্রভাব ফেলবে: নাহিদ
উত্তরদক্ষিণ। বুধবার (২২ জানুয়ারি), ২০২৪, আপডেট ২৩:৩০
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের ফলস্বরূপ আগামী দুই দশক ধরে বাংলাদেশের রাজনীতি ও সমাজে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে।
বাসসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ব্যাপক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবির্ভূত তরুণ প্রজন্ম তাদের চিন্তাভাবনা, ধারণা ও কর্মকাণ্ডের মাধ্যমে কমপক্ষে আগামী দুই দশক ধরে রাষ্ট্র, রাজনীতি ও সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করবে।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে নেতৃত্বদানকারী নাহিদ বলেন, অভিজ্ঞতার অভাব ও অন্যান্য সীমাবদ্ধতা সত্ত্বেও তরুণরা সম্ভাব্য সব উপায়ে দেশের জন্য অবদান রাখতে চায়।
তিনি বলেন, দীর্ঘস্থায়ী স্বৈরশাসনের পতনের পর বাংলাদেশের তরুণ প্রজন্ম কীভাবে দেশ পুনর্গঠনে অবদান রাখছে, তা এখন সমগ্র বিশ্ব প্রত্যক্ষ করছে।
ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালনকারী নাহিদ বলেন, তারা (তরুণ) দায়িত্ব গ্রহণ করতে ও ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে প্রস্তুত।
তিনি আশা প্রকাশ করেন, তাদের ওপর অর্পিত জনগণের আস্থা ও বিশ্বাস আগামী দিনে আরও সুদৃঢ় হবে।
ইউডি/এবি

