ট্রাম্প-মোদির বৈঠক আয়োজনের চেষ্টা করছেন ইন্ডিয়া ও আমেরিকার কূটনীতিকেরা
উত্তরদক্ষিণ। বুধবার (২২ জানুয়ারি), ২০২৪, আপডেট ২৩:২০
আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে বৈঠক আয়োজনের চেষ্টা করছেন দুই দেশের কূটনীতিকেরা। এ বিষয়ে অবগত ইন্ডিয়ার দুটি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।
চীনকে ঠেকাতে আমেরিকারকৌশলগত অংশীদার ইন্ডিয়া। ট্রাম্প প্রশাসনের সময়ে আমেরিকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে আগ্রহী নয়াদিল্লি। পাশাপাশি নিজেদের দেশের নাগরিকদের আমেরিকার দক্ষ কর্মী ভিসা পাওয়া সহজ করতে চায় ইন্ডিয়া। দুই নেতার বৈঠক হলে সেখানে এ দুই বিষয় নিয়ে আলোচনা হবে বলে সূত্রগুলো জানিয়েছে।
আলোচনা চললেও ফেব্রুয়ারি মাসেই যে ট্রাম্প ও মোদির বৈঠক হচ্ছে, তা এখনো নিশ্চিত নয়। সূত্রগুলো বলছে, চলতি বছরের শেষে ইন্ডিয়া কোয়াডের বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তখন কোয়াড তথা ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, জাপান ও আমেরিকার নেতারা ভারতে উপস্থিত থাকবেন। এই শীর্ষ সম্মেলন চলাকালে মোদি-ট্রাম্পের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে, এই সম্ভাবনা আগে থেকে ছিল।
গত সোমবার (২০ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। ট্রাম্প হোয়াইট হাউসে ফেরায় আমেরিকায় রপ্তানি হওয়া ইন্ডিয়ান পণ্যে শুল্ক আরোপের শঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্প বলেছেন, ইন্ডিয়ায় রপ্তানি করা আমেরিকা পণ্যে উচ্চ হারে শুল্ক আরোপ করা রয়েছে। পাল্টায় ইন্ডিয়ার পণ্যেও শুল্ক আরোপের পক্ষে অবস্থানের ইঙ্গিত দিয়েছেন তিনি।
কিন্তু নয়াদিল্লির সূত্রগুলো বলছে, ওয়াশিংটনকে কিছু ছাড় দিতে প্রস্তুত ইন্ডিয়া। আমেরিকার আরও বেশি বিনিয়োগ আকর্ষণে প্রণোদনামূলক নানা সুবিধা দিতেও দরজা খোলা রাখছে দেশটি।
ইউডি/এবি

