১১৫ কোটি টাকায় ১০ হাজার টন চিনি কিনবে সরকার
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৩:৩০
ফ্যামিলি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে বিক্রির জন্য ১০ হাজার মেট্রিক টন চিনি কিনবে সরকার। এতে ব্যয় হবে ১১৫ কোটি টাকা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য দুটি স্থানীয় দরপত্রের মাধ্যমে ১০ হাজার টন চিনি কেনার উদ্যোগ নিয়েছে সরকার।
সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে কেনা হবে এসব চিনি। এতে ব্যয় হবে ১১৫ কোটি ৪২ লাখ টাকা। প্রতি কেজির দাম পড়বে ১১৫ টাকা ৪২ পয়সা।
ক্রয় সম্পন্ন করার পর টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে এসব চিনি বিক্রি করা হবে।
এছাড়া বৈঠকে চাল, ডিজেল ও মসুর ডাল আমদানির অনুমতি দিয়েছে সরকার।
এদিকে, বৈঠকে রোজায় নিত্যপণ্যের মজুত নিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রোজায় যেন ঘাটতি না হয়, তা নিশ্চিত করা হবে। চাল, ডাল ও চিনিসহ নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে।
ইউডি/এআর

