সরকারে থেকে যদি দল গঠন করেন, এ দেশের মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল
উত্তরদক্ষিণ। শনিবার (১ ফেব্রুয়ারি), ২০২৪, আপডেট ২২:৫৫
গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে সতর্ক করে তিনি বলেছেন, সরকারে থেকে দল গঠন করলে দেশের মানুষ সেটা মেনে নেবে না।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরা এলাকায় পশ্চিম থানার খেলার মাঠে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও দরিদ্রদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিএনপির মহাসচিব বলেন, ছাত্ররা দল গঠন করতে চায়, আমাদের এতটুকু আপত্তি নেই। আমরা আনন্দিত। ছাত্ররা রাজনীতি করবে, আসবে, নতুন দল গঠন করবে, আমরা তাদের স্বাগত জানাব। তারা তাদের নতুন চিন্তাভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু সরকারে থেকে যদি দল গঠন করেন, এ দেশের মানুষ সেটা মেনে নেবে না। দল করবেন, দল করেন, স্বাগত জানাব, কাঁধে কাঁধ মিলিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে যাব। অযথা সংঘাতমূলক কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো।
অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। নির্বাচন অবশ্যই এ দেশে হবে। নির্বাচন হতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা চাইব অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবে।
অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ইউনুস সরকারকে অনুরোধ করেছি, যত দ্রুত সম্ভব ন্যূনতম সংস্কার যেটা প্রয়োজন অর্থাৎ মানুষ যেন ভোট দিতে পারে, বিচারটা যেন সঠিক পায়, প্রশাসন যেন পক্ষপাতিত্ব না করে—এ বিষয়গুলো দেখে ভোটের আয়োজন করেন। মানুষ যাতে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে পারে।
ইউডি/এবি

