বিমসটেক সম্মেলন: এপ্রিলে ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২২:০০
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে এপ্রিল মাসে থাইল্যান্ডের ব্যাংককে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে যোগ দেবেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকায় বিমসটেক সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাসচিব ইন্দ্র মনি পান্ডে।
৪ এপ্রিল বিমসটেক সম্মেলনে দুই প্রতিবেশী রাষ্ট্রের সরকার প্রধানের দেখা হলেও, আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক এখনও নিশ্চিত নয়। আগামী শীর্ষ সম্মেলনে বাংলাদেশ বিমসটেক সভাপতি দেশ হতে যাচ্ছে বলেও জানান সংস্থাটির মহাসচিব।
ইন্দ্র মনি পান্ডে বলেন, সদস্য দেশগুলোর দ্বিপাক্ষিক বিষয় বিমসটেকের এজেন্ডা না। তবে, এরকম সম্মেলনে সম্পর্ক উন্নয়নের সুযোগ থাকে। এ সম্মেলনে আরও যোগ দেবে সদস্য রাষ্ট্র থাইল্যান্ড, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও মিয়ানমারের রাষ্ট্র ও সরকার প্রধানরা।
তিনি আরও বলেন, ব্যাংককে বিমসটেক শীর্ষ বৈঠকে যোগ দেবেন ড. মুহম্মদ ইউনূস। সেখানে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাৎ হবে। তবে, দ্বিপাক্ষিক বৈঠক হবে কি না, তা নির্ভর করছে দুই দেশের ওপর।
বিমসটেক মহাসচিব বলেন, বিমসটেক চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্ল্যাটফর্ম নয়। সদস্য রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আমরা কাজ করি না। বরং এই অঞ্চলের বাণিজ্য, যোগাযোগসহ নানা স্বার্থে কাজ করি। কিন্তু এই প্ল্যাটফর্ম সদস্য দেশগুলো পরস্পরের সঙ্গে বোঝাপড়া বাড়াতে পারে।
ইউডি/এবি

