শেখ হাসিনার ন্যূনতম অপরাধবোধ নেই: আসিফ নজরুল
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২১:৪৫
ইন্ডিয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে বাংলাদেশ সম্পর্কে ‘কুৎসা ও উস্কানিমূলক’ কথা বলতে দিয়ে এদেশে ’অস্থিতিশীলতা’ তৈরির প্রচেষ্টা করছে ও করবে বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বন্দি প্রত্যার্পন চুক্তিটিও সরল বিশ্বাসে প্রতিপালনের ইচ্ছাও ইন্ডিয়ার নেই বলে মনে করছেন তিনি।
মঙ্গলবার জুলাই-অগাস্টের অভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের বিচারের চলমান প্রক্রিয়ার অগ্রগতি জানাতে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে আসেন আইন উপদেষ্টা। সেখানে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা ও ইন্ডিয়া প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ইন্ডিয়া থাকা শেখ হাসিনার প্রতি অন্ধ বিশ্বাসের কারণে আওয়ামী লীগের ’অনুশোচনাহীন’ নেতাকর্মীরা দেশে অস্থিতিশীলতার নতুন চক্রান্ত করছেন। সেটির সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করা হয়েছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার কতটা আশাবাদী, এই প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন, আমাদের আইনে পলাতকের বিচারের বিধান রয়েছে। আমরা আনার সর্বাত্মক চেষ্টা করছি। ভারতের মনোভঙ্গি দেখে মনে হচ্ছে তারা নানান অজুহাতে এটাকে নাকচ করার চেষ্টা করবে।
‘বরং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে বাংলাদেশ সম্পর্কে কুৎসামূলক, উস্কানিমূলক কথা বলতে দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টা করছে এবং করবে। বন্দি প্রত্যার্পন চুক্তিটি সরল বিশ্বাসে প্রতিপালনের ইচ্ছা ভারতের রয়েছে বলে আমাদের মনে হয় না।’
ইন্ডিয়া থেকে অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া হাসিনার সবশেষ ভাষণের সমালোচনা করে আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় যে ঔদ্ধত্ব নিয়ে কথা বলতেন গত ৬ ফেব্রুয়ারি ঠিক একই টোনে কথা বলেছেন। গণঅভ্যুত্থানে আমাদের যন্ত্রণার স্মৃতিগুলো নিয়ে তিনি পরিহাস করেছেন। এইআই দিয়ে আবু সাঈদের হত্যার দৃশ্য বানান হয়েছে বলে তিনি বলেছেন। এগুলো কি সহ্য করা যায়? সবাইকে উস্কানি দিয়েছেন প্রতিপক্ষের বাড়িতে আগুন দিতে।
‘আশ্চর্য লাগে আমার। আল্লাহ কি মানুষটার মধ্যে মিনিমাম অপরাধবোধ দেয় নাই। যার মধ্যে মিমিমাম অপরাধবোধ থাকে না উনি তো যেকোনো কিছু করতে পারেন। আওয়ামী লীগের নেতা ও কর্মীদের অন্ধ বিশ্বাস রয়েছে ওনার ওপর। তারাও একই টোনে কথা বলে। তারা দেশে নানা ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে এখন লিপ্ত।’
ইউডি/এবি

