শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে ঢাকা
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২১:৪৫
ইন্ডিয়ার সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দিল্লির কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে ঢাকা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ কথা জানান।
ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই তিনি পালিয়ে ভারতে যান। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে চায় অন্তর্বর্তী সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথিপত্র দিল্লিতে পাঠিয়েছে। শেখ হাসিনা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে অপেক্ষা করবে বাংলাদেশ। এ ছাড়া ইন্ডিয়া অবস্থানকারী আওয়ামী লীগের অন্য নেতাদের ফেরাতে আন্তর্জাতিক নিয়ম প্রতিপালন করা হবে কি না, সেটি সরকারের উচ্চপর্যায়ের আলোচনার বিষয়।
এদিকে জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন রফিকুল আলম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রতিবেদনটি যেকোনো মানুষের বিবেককে নাড়া দেবে। প্রতিবেশী ইন্ডিয়াও বিষয়টি আমলে নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন মুখপাত্র।
ইউডি/এবি

