সংস্কার ছাড়া নির্বাচন নয়: জামায়াতে ইসলামী
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২১:৩০
সংস্কার ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনসংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করেই জামায়াত জাতীয় সংসদ নির্বাচন চায় বলে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জামায়াতের একটি প্রতিনিধিদল আজ ইসি সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
‘নো ইলেকশন উইদাউট রিফর্মস’ (সংস্কার ছাড়া নির্বাচন নয়)—এমন মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, রাষ্ট্রের সংস্কার নয়, শুধু নির্বাচনসংক্রান্ত যেসব সুপারিশ অতি জরুরি, অন্তত নির্বাচনপ্রক্রিয়ার সঙ্গে যেসব প্রতিষ্ঠান জড়িত, সেগুলোর সংস্কার করে নির্বাচন দিতে হবে। এ ক্ষেত্রে জামায়াত ইসিকে নির্বাচনের কোনো দিন, মাস, ক্ষণ বেঁধে দেয়নি।
এক প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের আকাঙ্ক্ষা, স্থানীয় সরকার নির্বাচন আগে হোক।
জামায়াতের সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক হয়।
ইসির কাছে জামায়াত ২৩ দফা সুপারিশ তুলে ধরেছে বলে সাংবাদিকদের জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, তারা পরিষ্কারভাবে বলেছেন, ‘নো ইলেকশন উইদাউট রিফর্মস’। পরিপূর্ণভাবে, অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যেসব অর্গান (প্রতিষ্ঠান) ও বিভাগ রাষ্ট্রের সঙ্গে জড়িত, সেগুলো সংস্কার করেই জাতীয় সংসদের নির্বাচন করতে হবে। তা না হলে এ নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের তিনটি নির্বাচনে জনগণ যে ভোট দিতে পারেনি, সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। এ দেশে জনগণ, ২ হাজার ছাত্র-জনতার জীবন, ৩০ হাজার ছাত্র-জনতা যে আহত, এই রক্ত বৃথা যাবে।
ইউডি/এবি

