ওয়াশিংটনে পৌঁছেই তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠকে মোদি
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২২:৪৫
ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকায় পৌঁছেই আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে দেশটির নতুন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করেছেন। জাতীয় গোয়েন্দা পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণ করায় তুলসীকে অভিনন্দন জানিয়েছেন মোদি।
আমেরিকায় নরেন্দ্র মোদির দুই দিনের সফরে অনেক কর্মসূচি রয়েছে। আজ সকালে রাজধানী ওয়াশিংটন ডিসিতে তুলসীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে তার কর্মব্যস্ত সফর শুরু হলো। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি।
তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মোদি লিখেছেন, ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করলাম। মনোনয়ন চূড়ান্ত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছি। ইন্ডিয়া-আমেরিকার বন্ধুত্বের নানা দিক নিয়ে আলোচনা করেছি। তিনি ইন্ডিয়া-আমেরিকা সম্পর্কের দৃঢ় সমর্থক।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার আমেরিকার জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে তুলসী গ্যাবার্ডের মনোনয়ন চূড়ান্ত করেছে মার্কিন সিনেট। তুলসী গ্যাবার্ডের মনোনয়নকে প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে বিতর্কিত মনোনয়ন হিসেবে দেখা হচ্ছে।
মোদি আজ সকালে ওয়াশিংটন ডিসিতে পৌঁছালে বিপুলসংখ্যক প্রবাসী ইন্ডিয়ান তাকে স্বাগত জানান। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ বিষয়ে এক্সে এক পোস্টে মোদি লেখেন, শীতের ঠান্ডায় এ এক উষ্ণ অভিনন্দন। ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে ওয়াশিংটন ডিসির প্রবাসী ইন্ডিয়ানরা আমাকে বিশেষভাবে স্বাগত জানিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
ইউডি/এবি

