দলগুলো সংস্কারের প্রতিশ্রুতি দেওয়ায় ডিসেম্বরে নির্বাচন সম্ভব হবে: আলী রীয়াজ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২২:০০
জাতীয় ঐক্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলো সংস্কার প্রক্রিয়া গ্রহণের প্রতিশ্রুতি দেওয়ায় এ বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আশাবাদী যে বড় পরিসরে এটি (সংস্কার) করা সম্ভব। এটি অসম্ভব নয় এবং আমি আরও আশাবাদী। কারণ, রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা রীয়াজ বলেন, আমি মনে করি, আমাদের আশাবাদী হওয়া উচিত, যদিও অনেকেই এ বিষয়ে ‘খুবই হতাশাবাদী’ এবং কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন।
এই শিক্ষাবিদ বলেন, শুধু রাজনৈতিক দল নয়, বাংলাদেশের জনগণও ভোটের অপেক্ষায় আছে। কারণ, তারা গত ১৭ বছরে ভোট দিতে পারেনি।
তিনি বলেন, এটি একটি আদর্শ রূপরেখা। আমি মনে করি, (সংস্কারের মাধ্যমে) নির্বাচন সম্ভব। কারণ, এই মুহূর্তে শুধু রাজনৈতিক দল নয়, নাগরিকরাও ভোট দিতে চায়।
রীয়াজ বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকার ‘যতটুকু প্রয়োজন তার একদিনও বেশি ক্ষমতায় থাকতে চায় না।’
সংবিধান ও নির্বাচন ব্যবস্থাসহ প্রধান খাত বা প্রতিষ্ঠানের জন্য ছয়টি কমিশনের সংস্কার সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য ১৩ ফেব্রুয়ারি অধ্যাপক ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছিল।
১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠক করার সময় ঐকমত্য কমিশন বেশ কয়েকটি রাজনৈতিক, সাংবিধানিক এবং নির্বাচনী সংস্কার এজেন্ডায় ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্যে কাজ করে।
অধ্যাপক ড. আলী রীয়াজ ভাইস চেয়ারম্যান হিসেবে উদ্বোধনী সভায় বক্তব্য দেন এবং তিনি আশা প্রকাশ করেন যে, সংস্কার সংক্রান্ত বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে দলগুলোর খুব বেশি সময় লাগবে না।
ইউডি/এবি

