আরও বাড়ল স্বর্ণের দাম
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২২:১৫
দেশের বাজারে স্বর্ণের দাম ফের বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ২৪৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা। দেশের ইতিহাসে এক ভরি সোনার দাম এত বেশি আগে কখনো হয়নি।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।
আগামীকাল শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে গত ২, ৬, ১১ ও ১৮ ফেব্রুয়ারি এবং ১৬, ২৩ ও ৩০ জানুয়ারি সোনার দাম বাড়ানো হয়। এখন আবার দাম বাড়ানোর মাধ্যমে টানা আট দফা দেশের বাজারে সোনার দাম বাড়ানো হলো।
আজ বৃহস্পতিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী সময়ে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ২৪৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা। এর আগে কখনো সোনার এত দাম হয়নি। এতদিন ভালো মানের এক ভরি সোনার সর্বোচ্চ দাম ছিল এক লাখ ৫১ হাজার ২৮২ টাকা। ১৮ ফেব্রুয়ারি থেকে আজ ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই দামে বিক্রি হয় সোনা।
ভালো মানের সোনার রেকর্ড দাম হওয়ার পাশাপাশি বাড়ানো হয়েছে অন্য মানের সোনার দামও। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ১০৩ টাকা বাড়িয়ে এক লাখ ৪৭ হাজার ৫০৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬৫৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৬ হাজার ৪২৬ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ২ হাজার ২৭৪ টাকা বাড়িয়ে এক লাখ ৪ হাজার ২০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
ইউডি/এবি

